২০২৩ সালে পর পর মুক্তি পেয়েছিল শাহরুখ খানের তিনটি ছবি ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। তিনটি ছবির মধ্যে ‘ডাঙ্কি’ কিছুটা পিছিয়ে ছিল। সেই ভাবে বক্সঅফিসে ঝড় তুলতে পারেনি। ছবিটি নিয়ে মুখ খুললেন পরিচালক রাজকুমার হিরানী। ছবিটি প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি, এ ব্যাপারে তিনিও সহমত।
শাহরুখ ও রাজকুমার— দুই বড় নাম একসঙ্গে উঠে আসায় ছবিটি মুক্তির আগে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত ছবিটি দর্শকের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। সম্প্রতি এক কথোপকথনে পরিচালক জানান, কেন এই ছবি সব দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করতে পারেনি। তিনি বলেন, “প্রত্যেক ছবি ভিন্ন মানুষকে ভিন্ন ভাবে স্পর্শ করে। ‘থ্রি ইডিয়ট্স’ শিক্ষাব্যবস্থা নিয়ে তৈরি, যা প্রায় প্রতিটি পরিবার বুঝবে। তাই ছবিটি সহজেই সকলের কাছে পৌঁছোয়। কিন্তু ‘ডাঙ্কি’ অবৈধ ভাবে বিদেশে যাওয়া নিয়ে তৈরি হয়েছিল। এই বিষয়ে ধারণা রয়েছে এমন মানুষই এই ছবি বুঝবেন।”
পরিচালক আরও জানান, এখনও তিনি কানাডা ও আমেরিকায় থাকা বহু মানুষের কাছ থেকেই এই ছবি নিয়ে নানা রকমের বার্তা পান। বিদেশে থাকা বহু মানুষ এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন। তাঁদের থেকে এই ছবির প্রশংসা পেয়েছেন পরিচালক। তাঁর কথায়, “অনেকেই আমাকে বলেন, ‘আমরা এখানে থাকছি ঠিকই, কিন্তু খুব ভাল নেই। আমরা দেশ ছেড়ে কেন চলে এলাম? এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রায়ই।’ এমন নানা বার্তা পেয়েছি। তবে স্বাভাবিক ভাবেই এই ধরনের মানুষের সংখ্যা সীমিত”।
আরও পড়ুন:
পরিচালক আরও বলেন, “আমাদের দর্শকের অনেকেই মধ্যবিত্ত, যাঁরা সহজেই ভিসা পান। কিন্তু এমনও অনেক মানুষ আছেন, যাঁদের ভিসা কখনও অনুমোদিত হবে না। আমাদের আর্থিক ক্ষমতা আছে, তাই আমরা আমেরিকার ভিসা সহজেই পাই। কিন্তু যাঁদের টাকা নেই, তাঁদের কী হবে? তাঁদের বিদেশে যাওয়ার সুযোগই নেই। অনেকেই এই বিষয়টির সঙ্গে যোগ খুঁজে পেয়েছেন। তাঁরা আমাদের ছবি বুঝতে পেরেছেন।”
উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল ‘ডাঙ্কি’। শাহরুখের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন তাপসী পন্নু ও ভিকি কৌশলও। সেই বছর শাহরুখের ছবি ‘জওয়ান’ ও ‘পাঠান’ বক্সঅফিসে আলোড়ন ফেলেছিল।