Advertisement
E-Paper

অ্যাকশনের পাশাপাশি গানেও ভরপুর ‘জওয়ান’, শাহরুখের সঙ্গে কোন কোন গানে দেখা যাবে দীপিকাকে?

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। গত ১০ জুলাই মুক্তি পেয়েছে ছবির প্রিভিউ। ১৩২ সেকেন্ড দৈর্ঘ্যের প্রিভিউয়ে বহুরূপী শাহরুখ খানের পাশাপাশি নজর কেড়েছেন ছবির অভিনেত্রীরাও।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ১৬:২০
Shah Rukh Khan and Deepika Padukone.

(বাঁ দিকে) ‘জওয়ান’-এ শাহরুখ খান। দীপিকা পাড়ুকোন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বছরের শুরুতে ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার ছবির পরে এ বার ‘জওয়ান’-এর পালা। আরও একটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর ছবি নিয়ে ফিরছেন শাহরুখ খান। ‘জওয়ান’-এর আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই ছবির জন্য মুখিয়ে ছিলেন দর্শক ও অনুরাগীরা। সম্প্রতি ছবির প্রিভিউ মুক্তি পাওয়ার পর সেই উদ্দীপনা আরও বেড়ে গিয়েছে। ‘জওয়ান’ রূপে শাহরুখ তো ফিরছেনই, সঙ্গে থাকছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোনের মতো তাবড় তারকা অভিনেত্রীরা। প্রিভিউয়ে ইতিমধ্যেই ঝলক দেখা গিয়েছে তাঁদের। পাশাপাশি রয়েছেন সান্য মলহোত্র, প্রিয়ামণির মতো অভিনেত্রীরা। প্রথমে শোনা গিয়েছিল, ‘জওয়ান’-এ একটি গানে দেখা যেতে চলেছে দীপিকাকে। তবে এখন খবর, একটি নয়, মোট দু’টি গানের জন্য জুটি বাঁধতে চলেছেন শাহরুখ ও দীপিকা।

ছবির প্রিভিউ দেখেই বোঝা গিয়েছিল, অ্যাকশনের পাশাপাশি নাচ-গানেরও কমতি হবে না ‘জওয়ান’-এ। প্রিভিউয়ের আবহ ও গানে নিজের ছাপ রেখেছেন জনপ্রিয় দক্ষিণী সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ। ‘কোলাবেরি ডি’ থেকে পথচলা শুরু তাঁর। এখন দক্ষিণী বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় সুরকার তিনি। কমল হাসনের ‘বিক্রম’-এর মতো ছবির সঙ্গীত পরিচালনাও করেছেন অনিরুদ্ধ। ‘জওয়ান’-এও যে নিজের ‘মিউজ়িক্যাল টাচ’ রাখতে চলেছেন তিনি, তা স্পষ্ট প্রিভিউ থেকেই। খবর, ছবিতে থাকছে মোট ছ’টি গান। সেগুলির মধ্যে দু’টি গানে থাকবেন দীপিকা। অন্দরের খবর, শাহরুখের ‘জেলব্রেক’-এর দৃশ্যেও থাকতে চলেছে একটি গান। সেই গানে নাকি দেখা যেতে চলেছে শাহরুখ-সহ গোটা প্রমীলা বাহিনীকে।

শোনা যাচ্ছে, ‘জওয়ান’-এ থাকতে চলেছে ‘রমাইয়া বস্তাবইয়া’ গানের রিমেকও। এই গানে দেখা যাবে শাহরুখ-সহ ছবির অন্য কলাকুশলীদের। মুম্বইয়েক যশরাজ স্টুডিয়োয় হয়েছে সেই গানের শুটিং। গানের নৃত্যপ্রশিক্ষকের ভূমিকায় ছিলেন জনপ্রিয় ও অভিজ্ঞ কোরিয়োগ্রাফার বৈভবী মার্চেন্ট। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’।

Jawan Shah Rukh Khan Deepika Padukone Atlee Nayanthara
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy