Advertisement
E-Paper

‘নিজের কেক নিজেই আনত মিষ্টি’! ঐন্দ্রিলার জন্মদিনে আর কী কী হত? মেয়ের স্মৃতিতে ডুব মা শিখার

৫ ফেব্রুয়ারি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার জন্মদিন। চার বছর হল তিনি আর নেই। অভিনেত্রীর স্মৃতি আঁকড়েই প্রতিদিন এগিয়ে চলেছেন তাঁর মা শিখা শর্মা।

শিখা শর্মা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৮
জন্মদিনে মেয়ে ঐন্দ্রিলার স্মৃতিতে ডুব মা শিখার।

জন্মদিনে মেয়ে ঐন্দ্রিলার স্মৃতিতে ডুব মা শিখার। ছবি: সংগৃহীত।

শরীর ভাল নেই। কিন্তু এই দিনটায় মিষ্টির জন্য রান্না করতে খুব ইচ্ছা করে আমার। আমার মিষ্টি মানে সবার ঐন্দ্রিলা। ও তো খুব হুজুগে মানুষ ছিল। আনন্দ করতে ভালবাসত। তাই আমাদের আগে, মিষ্টি নিজের জন্মদিনের আয়োজন নিজেই করে ফেলত। কারও জন্য অপেক্ষা করার সময়ই ছিল না।

দু’দিন আগে বড় মেয়ে ঐশ্বর্যার আংটিবদল অনুষ্ঠান ছিল। সেই দিন থেকেই মনখারাপ। কিন্তু ঐশ্বর্যাকে কিছু বুঝতে দিইনি। বহরমপুরে ফিরে এসেছি অনুষ্ঠানের পরে। এখানে হাসপাতালে ওর উদ্দেশে বৃক্ষরোপণ করব। ভেবেছিলাম রক্তদান শিবিরের আয়োজন করব। কিন্তু আমার শরীর খুব একটা ভাল নেই, তাই সেটা করতে পারিনি। তবে এই দিন প্রতি বছরই আমি পায়েস রান্না করি। এই বছরও করব।

মিষ্টি নিজের জন্মদিনের কেক নিজেই আনত। সন্ধ্যাবেলা নিজেই নতুন পোশাক পরে সেজেগুজে বসে পড়ত। তার পরে সব্যকে (অভিনেতা সব্যসাচী চৌধুরী) বলত, আমাদের বলত পাশে বসতে। কারও জন্য অপেক্ষা করত না। খালি বলত, ‘কে কখন কী করবে! তার চেয়ে আমিই নিজের জন্মদিনের আয়োজন করি’।

৫ ফেব্রুয়ারি এলে আমার খালি ওই কথাগুলোই মনে পড়ে। সাড়ে চার কেজি ওজন ছিল, যখন ও হয়। ফুটফুটে দেখতে। মাথার চুল কোঁকড়ানো। কে জানত এত তাড়াতাড়ি চলে যাবে। আজও ওর জন্য কেক আনা হবে। বিকালে কিছু বন্ধু আসবে। একসঙ্গে আমরা কেক কাটব। জন্মদিনের সকালে আমরা পায়েস খাইয়ে ওকে আশীর্বাদ করতাম। মন দিয়ে বসে সবার আশীর্বাদ নিত। আমি জানি, ও এখনও আমাদের কাছেই আছে। আমার মিষ্টি কোথাও যায়নি।

Tollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy