কথা ছিল, চলতি বছরের ১৪ মার্চ কলকাতায় অনুষ্ঠান করবেন সুনিধি চৌহান। কিন্তু গায়িকার গলায় সংক্রমণের কারণে বাতিল করতে হয় সেই দিনের অনুষ্ঠানে। ঠিক ১১ দিনের মাথায়, ২৫ মার্চ কলকাতায় এলেন সুনিধি। কলকাতায় অনুষ্ঠান করতে এসে সুনিধির গাইলেন ‘চোখে চোখে কথা বল’ গানটি, সমাজমাধ্যমে এখন ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। তবে অনুষ্ঠানে স্বল্প সময়ের জন্য বিপত্তির মুখেও পড়তে হয় সুনিধিকে।
সুনিধির ‘লাইভ’ অনুষ্ঠান যাঁরা দেখেছেন বা সমাজমাধ্যমে ছ়ড়িয়ে পড়া ভিডিয়ো দেখলেও বোঝা যায় যে, গায়িকা ‘পাওয়ার হাউজ়’। শুধু গান নয়, নাচের সমান মন দেন তিনি। তাঁর সঙ্গে তাল মেলায় দর্শক-শ্রোতাও। বুধবারও একাধিক জনপ্রিয় গান একের পর এক গেয়ে যাচ্ছিলেন সুনিধি। তার মধ্যেই যান্ত্রিক ত্রুটির মুখে পড়লেন।
সুনিধি তখন সবে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’ ছবিতে তাঁর গাওয়া ‘পর্দা’ গানটি ধরেছেন। হঠাৎই গোলমাল ‘টকব্যাক’-এ। মঞ্চে যখন শিল্পী অনুষ্ঠান করেন, তাঁর হাতের মাইক্রোফোনের সঙ্গে যুক্ত থাকে কানের একটি ‘ইয়ারপ্লাগ’-এর মতো যন্ত্র। একেই বলে ‘টকব্যাক’, যার সাহায্যে শিল্পী নিজের কথা, দর্শকের কথা বা যন্ত্রের আওয়াজ নিজের কানে স্পষ্ট শুনতে পান। এ দিন গান গাওয়ার সময়ে হঠাৎই সেই ‘টকব্যাক’-এ সমস্যা দেখা যায়। সুনিধির মাইকের সঙ্গে ‘টকব্যাক’-এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফলে কানে তিনি কিছুই শুনতে পাচ্ছিলেন না। খানিক অপ্রস্তুতেই পড়েন তিনি। এমনিতে নিজেরা গাওয়ার মাঝে শ্রোতার জন্য থেমে তাঁদের গলা শোনেন অনেক শিল্পীই। কিন্তু, বুধবার কয়েক মিনিটের জন্য সুনিধির গলা একেবারেই শোনা যাচ্ছিল না। কিন্তু দমে যায়নি দর্শক। সুনিধির সঙ্গে কণ্ঠ ছাড়ে অনুষ্ঠান দেখতে আসা হাজার হাজার দর্শক। অনুষ্ঠান যেন না থামে, কলকাতার দর্শকের এমন মনোভাবে আপ্লুত নেটদুনিয়া। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শহরের দর্শকের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। দর্শকের থেকে এমন প্রতিক্রিয়া ও সহযোগিতা পেয়ে মুগ্ধ সুনিধিও।
তবে সমস্যা বোঝা যেতেই মঞ্চে তাঁর সহযোগিরা এসে ‘টকব্যাক’-এর যন্ত্রটি বদলে দেন। কয়েক মুহূর্তে ছন্দ কাটতে পারত, কিন্তু তা হয়নি।