Advertisement
E-Paper

কবে তৈরি হবে ‘দামিনি ২’? নতুন সিরিজ়ের প্রচারে প্রশ্নে জর্জরিত সানি দেওল! কী উত্তর দিলেন অভিনেতা?

আইনজীবী গোবিন্দের চরিত্রে সানির অভিনয় এখনও দর্শকের মনে গেঁথে। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, এই ছবির সিক্যুয়েল ‘দামিনি ২’ তৈরি হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ২৩:০২
‘দামিনি ২’ প্রসঙ্গে কী বললেন সানি দেওল?

‘দামিনি ২’ প্রসঙ্গে কী বললেন সানি দেওল? ছবি: সংগৃহীত।

তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে।‘দামিনি’ এখনও সানি দেওলের অভিনয়জীবনের অন্যতম আলোচিত ছবি। বিশেষত আইনজীবী গোবিন্দের চরিত্রে সানির অভিনয় এখনও দর্শকের মনে গেঁথে। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, এই ছবির সিক্যুয়েল ‘দামিনি ২’ তৈরি হতে পারে। তবে সেই জল্পনায় এবার কার্যত জল ঢেলে দিলেন স্বয়ং সানি নিজেই।

নতুন কোর্টরুম থ্রিলার ‘ইক্কা’র প্রচার ঝলক অনুষ্ঠানে সানি বলেন, “‘দামিনি’র পর আর আদালত-কেন্দ্রিক ছবিতে কাজ করার সুযোগ পাইনি। ‘ইক্কা’-র প্রস্তাব আসতেই তাই খুব খুশি হয়েছিলাম।” তাঁর কথায়, বহুদিন ধরেই তিনি আবার এই ঘরানায় ফিরতে চেয়েছিলেন।

‘দামিনি ২’-এর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সানি স্পষ্ট বলেন, “অনেক চেষ্টা হয়েছিল ‘দামিনি ২’ করার। কিন্তু শেষ পর্যন্ত আর কিছুই হল না।” অর্থাৎ, একাধিক বার পরিকল্পনা হলেও ছবিটি আর বাস্তবায়িত হয়নি।

যদিও ‘দামিনি ২’ না হওয়ায় আক্ষেপ রয়েছে, তবুও ‘ইক্কা’র মাধ্যমে ফের আদালতি লড়াইয়ে ফিরতে পেরে খুশি অভিনেতা। একই অনুষ্ঠানে সহ-অভিনেতা অক্ষয় খন্নার সঙ্গে আবার কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নেন তিনি। সানি বলেন, “‘বর্ডার’-এ প্রথম একসঙ্গে কাজ করেছিলাম। সেই অভিজ্ঞতা দারুণ ছিল।”

প্রায় তিন দশক পর ‘ইক্কা’-য় ফের জুটি বাঁধছেন সানি ও অক্ষয়। সিদ্ধার্থ পি মলহোত্র পরিচালিত এই ‘কোর্টরুম থ্রিলার’-এ সানি অভিনয় করছেন খ্যাতনামা আইনজীবী সিকন্দর মেহরার চরিত্রে। তাঁকে এমন এক খুনের অভিযুক্তের হয়ে লড়তে হবে, যার সঙ্গে তাঁর অতীতের গভীর যোগ রয়েছে। সেই অভিযুক্তের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে।

ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিয়া মির্জা ও তিলোত্তমা সোম। সরকারি কৌঁসুলির ভূমিকায় তিলোত্তমার সঙ্গে সানির আইনি লড়াই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

নৈতিকতা, ন্যায়বিচার এবং ব্যক্তিগত অতীতের টানাপড়েনকে কেন্দ্র করে তৈরি ‘ইক্কা’ আগামী ১০ জুলাই থেকে সম্প্রচারিত হবে।

Bollywood Actor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy