Advertisement
E-Paper

‘নিষিদ্ধ’ তকমা ঘুচিয়ে দেবের মাধ্যমে ছবিতে ‘প্রত্যাবর্তন’! তবে কি টলিপাড়ায় ‘ব্যান কালচার’-এর নিষ্পত্তি? জবাব অনির্বাণের

‘নিষিদ্ধ’ অনির্বাণের সঙ্গে ফেডারেশনের সমস্যার কথা প্রায় সকলের জানা। প্রশ্ন উঠেছিল, তা হলে কি ইন্ডাস্ট্রির অন্দরের এই ‘নিষিদ্ধ’ সংস্কৃতির নিষ্পত্তি হল ‘দেশু ৭’ ছবির মাধ্যমে?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৯:০৭
‘দেশু ৭’-এর মাধ্যমে ছবিতে ‘প্রত্যাবর্তন’ প্রসঙ্গে কী বললেন অনির্বাণ?

‘দেশু ৭’-এর মাধ্যমে ছবিতে ‘প্রত্যাবর্তন’ প্রসঙ্গে কী বললেন অনির্বাণ? ছবি: সংগৃহীত।

‘দেশু ৭’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। কয়েক দিন আগে নিজেই সে কথা ঘোষণা করেছেন প্রযোজক-পরিচালক তথা অভিনেতা দেব। টলিউডে ‘নিষিদ্ধ’ অনির্বাণের সঙ্গে ফেডারেশনের সমস্যার কথা প্রায় সকলের জানা। প্রশ্ন উঠেছিল, তা হলে কি ইন্ডাস্ট্রির অন্দরের এই ‘নিষিদ্ধ’ সংস্কৃতির নিষ্পত্তি হল? এই আলোচনার মাঝে চুপ ছিলেন অনির্বাণ। অবশেষে নিজের মতামত প্রকাশ করলেন অভিনেতা।

সম্প্রতি, একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। সেখানেই প্রশ্ন ওঠে, তবে কি ‘ব্যান কালচার’-এর নিষ্পত্তি হল? উত্তরে অনির্বাণ বললেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে যে সমস্ত সংস্থা আছে, যেমন আর্টিস্ট ফোরাম, ফেডারেশন— তারা নিয়মিত এই বিষয় নিয়ে আলোচনা করছে। এই সমস্যার নিষ্পত্তি হবে কি না বা কেমন ভাবে হবে, সেটা সংস্থার সদস্যেরাই বলতে পারবেন। আমার পক্ষে বলা সম্ভব নয়। কারণ, এই ধরনের বৈঠকে আমি এক দিনও উপস্থিত থাকি না। শুধু এইটুকুই বলতে পারি, ‘দেশু৭’-এ আমি অভিনয় করছি। ভাল কাজ করার চেষ্টা করব, যাতে দর্শকের আমার অভিনয় ভাল লাগে।”

‘দেশু ৭’ ছবিতে অভিনয় করছেন অনির্বাণ, এই খবর সর্বপ্রথম প্রকাশ করেছিল আনন্দবাজার ডট কম। সেই সময়ে অবশ্য কিছু খোলসা করেননি দেব। সেই খবরেই সিলমোহর পড়েছে কিছু দিন আগে। গত ৭ এপ্রিল, ‘টেকনিশিয়ান স্টুডিয়ো’য় সাংবাদিকদের সামনে প্রযোজক-অভিনেতা এবং সাংসদ দেব ঘোষণা করেন, “আর কোনও ‘ব্যান কালচার’ নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বৈঠকে জানিয়েছেন, যে সমস্ত পরিচালক, অভিনেতা এই ‘সংস্কৃতি’র কারণে দীর্ঘ দিন বসে রয়েছেন, স্বরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করে ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের কাজে ফেরাবেন তিনি।”

Advertisement

তার পর থেকে আরও বেশি করে প্রশ্ন উঠতে শুরু করে। আর্টিস্ট ফোরাম বা ফেডারেশনের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া না পেলেও দেব নিজেই ঘোষণা করেন, তাঁর আগামী ছবিতে অভিনয় করবেন অনির্বাণ। অপর্ণা সেন পরিচালিত ‘আরশি নগর’ ছবিতে প্রথম দেবের সঙ্গে কাজ করেছিলেন অনির্বাণ। তার পরে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ ও ‘রঘু ডাকাত’ ছবিতেও দেখা গিয়েছে তাঁদের। ফলে আবার দেবের সঙ্গে কাজের ঘোষণায় খুশি অনির্বাণও। তিনি বললেন, “দেব-শুভশ্রী জুটি নিয়ে দর্শকের যে উন্মাদনা, তার সঙ্গে যে আমি জুড়ে যেতে পেরেছি, সেটা ভাল লাগছে। সঙ্গে দেব প্রথম বার পরিচালনা করছে। সেটা নিয়েও উত্তেজিত।”

অনির্বাণের প্রথম ছবি দেবের সঙ্গেই। অভিনেতা মনে করেন, এই ভাবে যেন বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। শুভশ্রীও তাঁর খুব পছন্দের অভিনেত্রী। অনির্বাণ যোগ করেন, “আমার সম্পূর্ণ বিশ্বাস আছে দেব এবং তাঁর সৃজনশীল টিমের উপর। একটা চমৎকার চরিত্র, চমৎকার অভিনয়ের সুযোগের কথা মাথায় রেখেই আমাকে ডাকা হয়েছে। সব ঘোষণার পালা শেষ, এ বার হল আসল কাজ— চলচ্চিত্র নির্মাণ। সেই কাজ কবে শুরু হবে, তার জন্য আমিও মুখিয়ে আছি।” যদিও এই ঘোষণার পরে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হয়। ফেডারেশনের তরফে তখন জানানো হয়েছিল যে, এই বিষয়ে তাদের কোনও ধারণা নেই।

Dev Actor Bengali Cinema Subhashree Ganguly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy