ফি বছর এই সময়টায় কার্যত টানাপড়েন চলত, কে কোন দিন তাদের বিহুর অনুষ্ঠানে জ়ুবিন গর্গকে আনতে পারবে, তা নিয়ে! বড় বিহু কমিটির বিহু জ়ুবিন মঞ্চে না উঠলে অসম্পূর্ণ থাকত। এই প্রথম জ়ুবিনবিহীন বিহু পালিত হচ্ছে রাজ্যে। তাই সব বিহুর সমাবেশেই চলছে প্রয়াত শিল্পীর প্রতিশ্রদ্ধা জ্ঞাপন।
গুয়াহাটিতে জাজেস ফিল্ডে আসুর মুকলি বিহু ও লতাশিলের মাঠে পূব গুয়াহাটি বিহু সম্মেলনীর সমবেত বিহুর মধ্য দিয়ে রঙালি বিহুর উৎসব শুরু হয়ে গেল। সোনাপুরে জ়ুবিন ক্ষেত্রে আজ জ়ুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গর্গ ও বোন পামি বরঠাকুর চোখের জলে জ়ুবিনকে স্মরণ করেন। পামি বলেন, “যাঁদের জন্য এই পরিস্থিতি হল আমাদের, তাদের জন্য সর্বোচ্চ শাস্তি দাবি করি। আদালতের উপরে আমাদের আস্থা আছে। দোষীরা কেউ যেন ছাড় না পায়। জ়ুবিন বিহুর জলপান খেতে খুব ভালবাসত। তাই সেই আয়োজন করেছি দাদার জন্য।”
জাজেস ফিল্ডে ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষের পাশাপাশি জ়ুবিন, গায়ত্রী হাজরিকা ও আশা ভোঁসলের স্মরণে গান করেন শিল্পীরা। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে মালিগাঁওয়ে বিহু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যাপনের জন্য নতুন একটি সাংস্কৃতিক প্রাঙ্গণ গড়ে তুলেছে। তার নাম রাখা হয়েছে ‘জ়ুবিন গর্গরেলওয়ে বিহুতলি’।
এই প্রাঙ্গণেই আজ থেকে ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মালিগাঁওয়ের ‘পাণ্ডু বিহু সন্মিলনী’-র আয়োজনে অনুষ্ঠিত হবে বার্ষিক ‘রঙালী বিহু’। উদ্বোধনে হাজির থাকেন পামি বরঠাকুর। এ দিকে গরু বিহুতে নদীতে গরু স্নান করাতে যাওয়ার সময়ে গোয়ালপাড়ার কৃষ্ণাইতে জলে ডুবে মারা গিয়েছে দীপঙ্কর নাথ ও দেবাশীষ নাথ নামে নবম শ্রেণির ছাত্র দুইযমজ ভাই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)