Advertisement
E-Paper

জামাইষষ্ঠীর দিনেই এমন উপহার! আশিসের দ্বিতীয় বিয়ের পর কী বললেন প্রাক্তন শাশুড়ি শকুন্তলা?

জামাই আশিসকে নিয়ে বেশ গর্বিতই ছিলেন শাশুড়িমা শকুন্তলা বড়ুয়া। জামাইষষ্ঠীর দিন যে এমন খবর শোনাবেন তাঁর সেই জামাই, ভাবতে পারেননি অভিনেত্রী। আশিসের বিয়ে প্রসঙ্গে কী বললেন তিনি?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৩ ১২:২০
Shakuntala Barua\'s reaction

জামাইয়ের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে কী বললেন শকুন্তলা বড়ুয়া? —ফাইল চিত্র।

দীর্ঘ ২২ বছরের দাম্পত্যের ইতি। দ্বিতীয় বার বিয়ে করলেন অভিনেতা আশিস বিদ্যার্থী। পাত্রী অসমের রূপালি বড়ুয়া। তবে আশিসের আরও একটি পরিচয় আছে। তিনি ছিলেন কলকাতার জামাই। প্রবীণ অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়েকে বিয়ে করেছিলেন তিনি। ২৫ মে ৬০ বছর বয়সে দ্বিতীয় বার বিয়ে করে ফের চর্চায় অভিনেতা। শুক্রবার সকালে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন অভিনেতার প্রথম স্ত্রী রাজশী বড়ুয়া। এই পরিস্থিতিতে কেমন আছেন অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া?

সন্তান সমস্যায় থাকলে কোনও মা-বাবারই ভাল লাগে না। সেখানে ২২ বছর সংসার করার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার আগে কি তাঁর সঙ্গে আলোচনা করেছিলেন মেয়ে রাজশী? আনন্দবাজার অনলাইনকে শকুন্তলা বলেন, “এত বছরে ওদের মধ্যে কোনও ঝগড়া দেখিনি। কী হল বলতে পারব না। আমি আমার মেয়েকে নিয়ে আর পাঁচ জন মায়ের মতোই চিন্তা করি। কিন্তু জানি, ও ভাল আছে। আমি আর কিছুই চাই না। আশিসও ভাল ছেলে। আশিসকে আমার তরফ থেকে আশীর্বাদ রইল। ওদের ছেলেও বড় হয়ে গিয়েছে। পড়াশোনা শেষ করে চাকরি করছে এখন। কয়েক দিন আগে দেখাও করে গিয়েছে। আমার সঙ্গে কথা বলে ওরা কোনও সিদ্ধান্ত নেয়নি। দু’জনেই প্রাপ্তবয়স্ক। এ ক্ষেত্রে আমার কিছু বলার নেই।”

এ দিকে, প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে নাকি কষ্ট পেয়েছেন রাজশী! গত ১৭ ঘণ্টায় দু’বার ইনস্টাগ্রামে পোস্ট দেন। সেখানেই জীবন নিয়ে মুখ খোলেন রাজশী। রাজশী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘‘যে তোমার কাছের মানুষ, সে কখনও জিজ্ঞেস করবে না, তার কাছে তোমার মূল্য ঠিক কতটা। সে এমন কোনও কাজ করবে না, যাতে তুমি কষ্ট পাও।’’ তিনি আরও লেখেন, ‘‘যাবতীয় দুর্ভাবনা এবং সন্দেহ দূর হয়েছে। ধন্দ কেটে গিয়ে সব কিছু স্পষ্ট ভাবে ধরা দিচ্ছে। জীবনে শান্তি এবং স্থিতি আসুক। তুমি নিজে যথেষ্ট শক্তিশালী। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নতুন করে শুরু করতে হবে।’’শেষে তাঁর সংযোজন, ‘‘জীবন নামের গোলকধাঁধায় হারিয়ে যেয়ো না।’’ কখনও তাঁর পোস্টে আভাস মিলেছে আক্ষেপের, কখনও জীবনদর্শনের কথা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

২৫ মে, আইনি বিয়ে সারার পর সন্ধেবেলায় ছোট একটি অনুষ্ঠানেরও আয়োজন করেন আশিস এবং রূপালি।

Ashish Vidyarthi Ashish Vidyarthi Wife Bollywood Shakuntala Barua
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy