Advertisement
E-Paper

পয়সা দিয়ে আলিয়ার বিরুদ্ধে নেতিবাচক প্রচার? ‘আলফা’র ঝলক নিয়ে ব্যঙ্গ, মুখ খুললেন বিক্রম ভট্ট

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘আলফা’ স্পাই ইউনিভার্সের অন্যতম প্রতীক্ষিত ছবি। এই ছবির মাধ্যমে আলিয়াকে প্রথম বারের মতো একটি অ্যাকশন-ভিত্তিক ছবিতে দেখা যাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ২০:৩৭
Vikram Bhatt reacted to the ongoing troll Alia Bhatt is facing for Alpha

আলিয়ার জন্য মুখ খুললেন বিক্রম ভট্ট। ছবি: সংগৃহীত।

‘আলফা’র ঝলক প্রকাশ্যে আসতেই কটাক্ষের মুখে প়ড়েছেন আলিয়া। অভিনেত্রীকে নিয়ে মশকরা হচ্ছে। এই অবস্থায় আলিয়ার পাশে দাঁড়ালেন বিক্রম ভট্ট। কেন আলিয়াকে নিয়ে এই পরিমাণ ট্রোলিং, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

এক সাক্ষাৎকারে বিক্রম প্রশ্ন তোলেন। বলেন, “আলিয়া ভট্টকে কেন ট্রোল করা হচ্ছে? ও নতুন কিছু করার চেষ্টা করছে। এর জন্য তো ওর প্রশংসা করা উচিত।” নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বিক্রম ভট্ট দাবি করেন, তাঁর ছবি ‘হন্টেড ৩ডি: ইকোস অফ দ্য পাস্ট’-এর ঝলকও এই ধরনের ট্রোলের শিকার হয়েছিল। টাকা দিয়ে নেতিবাচক প্রচার চালানো হয়েছিল বলে দাবি তাঁর।

বিক্রম বলেন, “আমরা বহু খারাপ মন্তব্য পেয়েছিলাম। পরে আমরা জানতে পারি, এটি ‘পেড ক্যাম্পেন’ ছিল, অর্থাৎ টাকা দিয়ে আমার ছবির নামে খারাপ বলানো হচ্ছে। আমাদেরই বিষয়টি সামলাতে হয়েছিল। আমরা বুঝতে পারি, কোন মন্তব্য স্বাভাবিক ভাবে কেউ করেছে আর কোনটি করানো হয়েছে।”

সমাজমাধ্যমে নেতিবাচকতা নিয়ে কথা বলতে গিয়ে বিক্রম দর্শকদের সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, “মানুষকে বুঝতে হবে যে তারা সমাজমাধ্যমে যে খারাপ মন্তব্য পড়ছে, তার সবই হয়তো সত্যি নয়। হয়তো কিছু মন্তব্য মানুষের করাই নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে হয়তো সেই সব মন্তব্য করা হয়েছে। এক হাজারটা খারাপ মন্তব্য করাতে প্রায় ১ লক্ষ টাকা খরচ করতে লাগে। কে এই টাকা দিচ্ছে আমি জানি না। তবে সবারই শত্রু থাকতে পারে। কোন পক্ষ এ সব করছে, তা বোঝা কঠিন।”

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘আলফা’ স্পাই ইউনিভার্সের অন্যতম প্রতীক্ষিত ছবি। এই ছবির মাধ্যমে আলিয়াকে প্রথম বারের মতো একটি অ্যাকশন-ভিত্তিক ছবিতে দেখা যাবে। আলিয়া বরাবর অভিনয়ের জন্য বাহবা পেয়েছেন। কিন্তু লড়াইয়ের দৃশ্যে তিনি কতটা মানানসই, তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেরই দাবি, এমন শক্তিশালী চরিত্রের জন্য মোটেই ঠিক নন আলিয়া। অন্য দিকে অনেকেরই দাবি, এই ধরনের চরিত্রের জন্য ক্যাটরিনা কইফ বা দীপিকা পাড়ুকোন মানানসই। তবে বি-টাউনে অনেকের থেকেই প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী।

উল্লেখ্য, ছবিটি মুক্তি পাবে ২০২৬ এর ৩ জুলাই। ছবিতে আলিয়ার বাবা চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। অভিনয় করেছেন শর্বরীও।

Alia Bhatt Vikram Bhatt Alpha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy