নিট প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে উত্তাল গোটা দেশ। ঘটনার জেরে নড়েচড়ে বসেছে দেশের সরকারও। সম্প্রতি এই নিট-কাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন গায়ক-সুরকার বিশাল দদলানী। তার পরেই নাকি বড় ‘খেসারত’ দিতে হল গায়ককে? বরাবরই পদ্মশিবিরের বিরোধিতা করেন বলে পরিচিতি আছে বিশালের। তার জেরেই নাকি ক্ষতি হয়ে গিয়েছে তাঁর। ঠিক কী ঘটেছে. তা নিয়ে এ বার মুখ খুললেন তিনি।
সম্প্রতি খবর ছড়ায়, নিট প্রশ্নপত্র ফাঁসের সমালোচনা করেছেন বলে জনপ্রিয় একটি রিয়্যালিটি শো থেকে বাদ প়ড়েছেন বিশাল। যদিও নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে সম্প্রতি সমালোচনামূলক একটি মন্তব্য করেছিলেন গায়ক। নিট-কাণ্ড নিয়ে দেশ যখন উত্তাল, তখন বিশাল এক দিন মন্তব্য করেন, এই ধরনের ব্যক্তিকে ক্ষমতায় না রাখাই উচিত। তবে তিনি কার কথা বলেছিলেন, তা অবশ্য ব্যাখ্যা করেননি। কিন্তু তাঁর ওই মন্তব্যের পরে অনেকেই ধারণা করে বসেন, জনপ্রিয় রিয়্যালিটি শো থেকে বাদ পড়ছেন বিশাল।
এর পরে মঙ্গলবার সমাজমাধ্যমে বিশাল দাবি করেন, এই খবর সর্বৈব মিথ্যা। বরং তিনি মজার ছলেই লেখেন, “নেটপাড়ায় যা দেখবেন সব বিশ্বাস করবেন না। এখন অনেক ভুয়ো খবর নিয়ে কারসাজি হয়। ঠিক কথাটা স্পষ্ট ভাবে বলতে থাকুন। আর লড়াইটা চালিয়ে যান!”
আরও পড়ুন:
নাটকীয় কায়দায় ভিডিয়োবার্তা দিয়েছেন বিশাল। ভিডিয়োয় দেখা যায়, ‘ইন্ডিয়ান আইডল’-এর সেটে বিশাল প্রথমে কাঁদার ভান করছেন। তার পর হেসে বলে ওঠেন, “আমি তো এখানেই আছি, বেবি!” স্পষ্ট করে দেন, তিনি এ বারও ‘ইন্ডিয়ান আইডল’-এ রয়েছেন।
বিশালের এই প্রতিক্রিয়া খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বহু ভক্তই তাঁকে সমর্থন করেন এবং তাঁর স্পষ্ট বক্তব্যের প্রশংসা করেছেন। অনেকেই বিশালের হয়ে বলেন যে, রাজনৈতিক বা সামাজিক বিষয়ে মত প্রকাশ করলেই তারকাদের নিয়ে ভুয়ো খবর ছড়ানো হয়।
বহু বছর ধরেই বিশাল বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতপ্রকাশ করেছেন। তার জন্য কটাক্ষের শিকারও হয়েছেন। তবে তাতে তাঁর কর্মজীবনে কোনও প্রভাব পড়়েনি। কাজ ও মতামত সবটাই ভিন্ন রাখতে পছন্দ করেন তিনি।
চলতি বছরের শুরুতে নেতামন্ত্রীদের প্রভাব খাটিয়ে উঠতি কোনও গায়ক তাঁর কাছে সাহায্য চেয়েছিলেন। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিশাল। প্রকাশ্যে জানিয়েছিলেন, প্রতিভা ও পরিশ্রমের বাইরে তাঁর কাছে অন্য কিছু অগ্রাধিকার পাবে না।