টিআরপির ওঠাপড়া প্রতি সপ্তাহের ব্যাপার। গত দু’সপ্তাহে প্রতিটি ধারাবাহিকের ক্ষেত্রেই টিআরপি একধাক্কায় অনেকটাই কমেছে। এই সপ্তাহেও প্রায় একই চিত্র। কিন্তু তার মধ্যেও এ সপ্তাহে বেশি নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। এমনকি এই সপ্তাহে আগের চেয়ে নম্বর খানিক বেড়েছে এই কাহিনির। প্রতিযোগিতা তুঙ্গে। তবে একই জায়গায় রয়েছে ‘পরিণীতা’। প্রথম পাঁচের তালিকায় কি বড় বদল এসেছে?
এক দিকে চলছে ক্রিকেটের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তা ছাড়াও পরীক্ষার মরসুম। এই সময়ে কি তা হলে মধ্যবিত্ত বাঙালি বাড়িতে সন্ধ্যা হলেই ধারাবাহিক খুলে বসছেন না কেউ? এমন অনেক ধরনের প্রশ্নই উঠে আসছে টলিপাড়ার অন্দরে। যদিও এই বিষয় মানতে রাজি নন পরিচালকেরা। নেপথ্য কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে এই সপ্তাহে টানটান উত্তেজনা চলছে প্রফেসর বিদ্যার কাহিনিতে। বিয়ের পর্ব মিটেছে। সেখানেও ছিল নাটকীয়তা। যা প্রতিনিয়ত আকর্ষণ করছে অনুরাগীদের। এ সপ্তাহে তারা পেয়েছে ৬.৭। অন্য দিকে গল্পে অন্য মোড়ক এনেও কিছুটা পিছিয়ে পড়েছে ‘পরিণীতা’। বিবাহবিচ্ছেদের আগে রায়ান এবং পারুলের ফুলশয্যা। এই ভাবেই প্রেমের গল্প নতুন মোড় নেওয়ার চেষ্টা করেছে। তার পরেও প্রথম স্থান হাতছাড়া তাদের। এ বারে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। পেয়েছে ৬.৬।
তটিনী এবং পরশুরামের কাহিনি যে এতটা পিছিয়ে পড়বে তা হয়তো ভাবেনি দর্শক। ধারাবাহিকের শুরুর দিন থেকে হাড্ডাহাড্ডি লড়াই করে প্রথম স্থানে নিজেদের টিকিয়ে রেখেছিল এই কাহিনি। অনেক পুরনো ধারাবাহিককে সহজেই টেক্কা দিয়েছিল। কিন্তু এ বারে আর নিজেদের জায়গা ধরে রাখতে পারল না তারা। ৬.৪ পেয়ে তৃতীয় স্থানে ‘পরশুরাম আজকের নায়ক’। তবে নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে ‘রাঙামতি তীরন্দাজ’। নানা বিতর্ক হয়েছে তাদের গল্প নিয়ে। বিভিন্ন দৃশ্য নিয়ে সমালোচনাও হয়েছে। তা-ও স্থান বিচ্যুতি ঘটেনি তাদের। রাঙামতির গল্প পেয়েছে ৫.৯। এ বারে তারা রয়েছে চতুর্থ স্থানে। আর পঞ্চমে রয়েছে ‘ও মোর দরদিয়া’। তাদের প্রাপ্ত নম্বর ৫.৭।