রাজ্যে নির্বাচনের আবহ। সঙ্গে আবার আইপিএল। সবমিলিয়ে টেলিপাড়ায় কি খানিক মন্দা চলছে? এই প্রশ্নই আসছে ঘুরেফিরে। ২৯ মার্চ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পরে এমনিই স্টুডিয়োপাড়া তোলপাড়। তার প্রভাবও কি পড়ল টিআরপি-তে? কারণ, চলতি সপ্তাহে প্রায় সব ধারাবাহিকের নম্বরই কমেছে। অনেক কাহিনি ছিটকে গিয়েছে প্রথম পাঁচ থেকে।
বেশ কয়েক সপ্তাহ ধরেই ‘ও মোর দরদিয়া’, ‘রাঙামতি তীরন্দাজ’ একটানা ছিল প্রথম পাঁচে। কিন্তু, দুই কাহিনিই বাদ পড়েছে। বরং এত মাস পরে প্রথম পাঁচে নিজেদের জায়গা করে নিয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’। স্টুডিয়োপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, পর্দার নায়ক-নায়িকা বাস্তবেও সম্পর্কে জড়িয়েছেন। দীপ এবং ঝাঁপির সমীকরণ এমনিই দর্শকের নজর কেড়েছে। শোনা গিয়েছে, নিজেদের সম্পর্ককে শুধুই বন্ধুত্ব বলে দাবি করেন তাঁরা। সেই সমীকরণেরই প্রভাব ধারাবাহিকে দেখা যাচ্ছে। এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’। তারা পেয়েছে ৪.৭।
আগের সপ্তাহের চেয়ে নম্বর কমেছে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের। দুই বোনের গল্প নিয়ে প্রথম থেকেই দর্শকের আগ্রহ ছিল। কিন্তু টিআরপি-তে যে খুব ভাল ফল দেখা গিয়েছিল, তা নয়। তবে কিছু সপ্তাহ ধরে এই কাহিনি রয়েছে প্রথম পাঁচে। দ্বিতীয়, তৃতীয় স্থানেও দেখা গিয়েছিল। এ বারে নম্বর কমে চতুর্থ স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। তারা পেয়েছে ৫.১। সবচেয়ে বড় পরিবর্তন দেখা গিয়েছে প্রথম তিনে। শুরুর দিন থেকেই প্রথম স্থানে নিজেদের জায়গা ধরে রেখেছিল ‘পরশুরাম আজকের নায়ক’। এই সপ্তাহে তারাও নিজেদের জায়গা হারিয়েছে। তৃতীয় স্থানে রয়েছে তটিনী এবং পরশুরামের কাহিনি। তারা পেয়েছে ৫.২।
আরও পড়ুন:
গত সপ্তাহ থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে ‘পরিণীতা’, ‘তারে ধরি ধরি মনে করি’—দুই কাহিনির মধ্যে। এই সপ্তাহেও তাদের প্রতিযোগিতা জারি। আগের সপ্তাহে প্রথম স্থানে ছিল ‘তারে ধরি ধরি মনে করি’। এই সপ্তাহে একটুর জন্য প্রথম স্থান হারিয়েছে তারা। ৫.৪ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই কাহিনি। আর প্রথম স্থানে নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে ‘পরিণীতা’। তাদের প্রাপ্ত নম্বর ৫.৭।