সমান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের পরে শোভিতা ধুলিপালার সঙ্গে সম্পর্কে জড়ান নাগ চৈতন্য। বলা ভাল, শোভিতার জন্য সম্পর্কের জেরেই নাকি সমান্থার সঙ্গে সম্পর্ক ভাঙে তাঁর। ২০২৪ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেছিলেন নাগ চৈতন্য ও শোভিতা। তার পরেও নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তারকাদম্পতিকে।
নাগ চৈতন্যের সঙ্গে সমান্থার বিচ্ছেদের এক বছর পরে, ২০২২ সালে প্রথম শোভিতার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও শোভিতা ও নাগ চৈতন্য এ বিষয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি। তবু তাঁদের সম্পর্ক নিয়ে নিয়মিতই কাটাছেঁড়া চলত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শোভিতা এই বিষয় নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, “এই অভিজ্ঞতাগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি আমার জীবন স্বাভাবিক ভাবেই কাটাচ্ছিলাম। আমার কাছ থেকে কী ধরনের প্রতিক্রিয়া আশা করা হয়েছিল, আমি জানি না। সময়ের সঙ্গে আমি নিজেকে আরও ভাল ভাবে চিনতে শিখেছি। তাই বিপরীতমুখী মতামত এলেও আমি স্বচ্ছন্দে থাকতে পারি। বিভিন্ন মতামত, কাটাছেঁড়া চালিয়ে যাওয়া আমাকে খুব একটা প্রভাবিত করে না।”
আরও পড়ুন:
শোভিতা আরও বলেন, “এখন প্রায় সব বিষয় নিয়েই অনেক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়। এটা অনেকটা আবহাওয়ার মতো। এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজনই নেই। কারণ, আবহাওয়া স্থায়ী হয় না। আবহাওয়া বদলায়, তেমনই মানুষের মনোভাবও বদলে যায়। তাই নিজের ভিতরে স্থির থাকা খুব জরুরি।”
পুরনো এক সাক্ষাৎকারে শোভিতা তাঁদের দাম্পত্য নিয়েও কথা বলেছিলেন। তিনি বলেন, “সত্যিকারের ভালবাসা তখনই হয়, যখন আপনি নিজেকে সম্পূর্ণ মনে করেন এবং আপনার সঙ্গী আপনার ভিতরের নতুন দিকগুলিকে সামনে নিয়ে আসে।”