Advertisement
E-Paper

সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস! কালবৈশাখী আর কত দিন, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার থেকে পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৮:৪৮
রবিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। — ফাইল চিত্র।

গত দু’দিন ধরে কালবৈশাখীর কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। দুপুর গড়ালেই মেঘ করে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঝড় হয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায়। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এ বার গরম বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। সোমবার থেকে কালবৈশাখীর সম্ভাবনাও কমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি দু’টো দিন একটু বিরতি নিলেও সপ্তাহের মধ্যভাগ থেকে আবার শুরু হবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

গত সপ্তাহে হাঁসফাঁস গরম ছিল দক্ষিণবঙ্গে। আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল খুব বেশি। সপ্তাহের মাঝামাঝি সময়ে কালবৈশাখীর কারণে কিছুটা স্বস্তি মিলেছে। হাওয়া অফিস বলছে, রবিবারও দক্ষিণবঙ্গের ১০ জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে সোমবার থেকে সেই সম্ভাবনা কমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। মাঝেমধ্যে কিছু জেলার দু’-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সতর্কতা জারি করার মতো কোনও পরিস্থিতি নেই। আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তার পরের চার দিন তাপমাত্রার হেরফের হবে না।

উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে কালবৈশাখী চলবে। সোমবার কিছুটা কম থাকবে। বুধবার থেকে আবার বাড়বে ঝড়বৃষ্টির প্রকোপ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে সপ্তাহান্তে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকেই পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy