অনীক দত্ত দেখে যেতে পারলেন না, তাঁর ছবি নন্দনে দেখানো হবে। জীবিতাবস্থায় তিনি একটা সময়ের পর ‘ব্রাত্য’ ছিলেন সরকারি প্রেক্ষাগৃহে। কারণ, আগের সরকারের ‘পছন্দের মানুষ’ ছিলেন না তিনি। সদ্যপ্রয়াত পরিচালকের মৃত্যুর পর তাঁর অনুরাগীদের দাবি, এ বার অনীকের ছবিগুলি নন্দনে দেখানো হোক। শুক্রবার কেওড়াতলা মহাশ্মশান থেকে সেই দাবিকে সমর্থন জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, চলচ্চিত্র উৎসব হবে তাঁকে ঘিরে।
শনিবার সেই বার্তাকেই সবিস্তার জানালেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। তিনি আনন্দবাজার ডট কম-কে বলেছেন, “অনীকবাবুর বেশ কিছু ছবি নন্দনে মুক্তি পায়নি। দর্শক-অনুরাগীদের দাবি মেনে নন্দন কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার যৌথ ভাবে সেই ছবিগুলো দেখানোর কথা ভাবছে। পরিচালককে রেট্রোসপেকটিভ বা শ্রদ্ধা জানানো হবে এ ভাবেই।” এই আয়োজনকে রুদ্রনীল অবশ্য ‘ফেস্টিভ্যাল’ বা উৎসব বলতে চাননি। তাঁর কথায়, “অনীকবাবু স্পষ্টবক্তা ছিলেন। তিনি নন্দনে বসে আপত্তি জানান কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার নিয়ে। তার পর থেকেই তাঁর ছবি সরকারি প্রেক্ষাগৃহে ব্রাত্য।” আগের সরকার ক্ষমতাচ্যুত। বিজেপি সরকার চাইছে, এ বার অন্তত অনীক দত্তের ছবি জায়গা করে নিক নন্দনে। নন্দন কর্তৃপক্ষও সেই আবেদনে সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন রুদ্রনীল।
আরও পড়ুন:
রুদ্রনীল আরও বলেন, “অনীকবাবুর ছবি দেখানো হবে। এই আয়োজনকে যদি দর্শক-অনুরাগী ‘উৎসব’ বলতে চান, তা হলে তা-ই বলবেন।”
শুক্রবার কেওড়াতলা মহাশ্মশানে প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানাতে এসেছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা। তিনি সেখানেই ঘোষণা করেন, “অনীকদা আমাদের পারিবারিক বন্ধু ছিলেন। ওঁর ছবি নিয়ে আমরা নন্দনে ‘ফেস্টিভ্যাল’ করব।” একই কথা নন্দন চত্বরে ঘোষণা করেছেন বিধায়ক পাপিয়া অধিকারী। টেকনিশিয়ান স্টুডিয়োয়, বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়ও জানিয়েছেন এ কথা।