Advertisement
E-Paper

জানিয়েছিলেন অনির্বাণকে নিয়ে ছবি করবেন, সেই প্রস্তুতিতেই কি ব্যস্ত সৃজিত মুখোপাধ্যায়?

রূপম ইসলামের গানের সাফল্যের উদ্‌যাপনে এসে সৃজিত ঘোষণা করেছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে ছবি বানাবেন। দেবের পরে কি তিনি?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৫:৩৫
আগামীতে অনির্বাণ ভট্টাচার্য আবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে?

আগামীতে অনির্বাণ ভট্টাচার্য আবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে? ছবি: সংগৃহীত।

৭২ ঘণ্টার মধ্যে ‘ব্যান সংস্কৃতি’ উঠে যাবে, টেকনিশিয়ান স্টুডিয়োয় সাংবাদিকদের সামনে ঘোষণা করেছিলেন দেব। শুক্রবার তিনি কথা রেখেছেন। তাঁর পুজোর ছবিতে অনির্বাণ ভট্টাচার্য অভিনয় করবেন বলে ঘোষণা করে। এ বার কি পালা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের? তিনিও মাসখানেক আগে জানিয়েছিলেন, অনির্বাণ কাজ করতে পারলে তাঁর ‘দশম অবতার’ ছবির জনপ্রিয় জুটি ‘প্রবীর-পোদ্দার’কে ফিরিয়ে আনবেন।

এ বার কি সৃজিতের কথা রাখার পালা? দেবের ছবির পরে তিনি কি অনির্বাণকে ফেরাবেন তাঁর আগামী ছবিতে? এই প্রশ্ন নিয়ে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে। সৃজিত বিষয়টি একেবারেই অস্বীকার করেননি। এক লিখিত বার্তায় তিনি স্পষ্ট করে দিয়েছেন তাঁর অবস্থান।

সৃজিত লিখেছেন, “যদি অনির্বাণ কাজ করতে পারে অবশ্যই করতে চাইব। আমি ব্যক্তিগত ভাবে বহুবার চেষ্টা করেছি। এই অচলাবস্থা ভাঙার মধ্যস্থতা করে। পারিনি। এ বার দেব বা বুম্বাদা যদি পারেন, আমার থেকে বেশি খুশি কেউ হবে না। কারণ, শুধু ‘প্রবীর-পোদ্দার’ নয়, আরও দু-তিনটে স্ক্রিপ্ট আছে, যে ছবি আর সিরিজ় অনির্বাণ ছাড়া করা সম্ভব নয়। আর এই ছবি বা সিরিজ়গুলো না হওয়া মানে তো শুধু অনির্বাণ না, প্রচুর মানুষের অন্ন সংস্থান না হওয়া। তাই খুব করে চাইছি, বিবাদ যেন মিটে যায়।”

Advertisement

দেবের পুজোর ছবিতে থাকতে পারেন ‘নিষিদ্ধ’ অভিনেতা, এই খবর ছড়িয়ে পড়ার পরে গত মার্চে নিজ দায়িত্বে অনির্বাণের প্রত্যাবর্তনের ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সৌজন্যে রূপম ইসলাম আয়োজিত তাঁর গানের সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠান। সেখানেই প্রসেনজিৎ ঘোষণ করেছিলেন, “খুব শিগগিরিই ফিরছে প্রবীর-পোদ্দার।” সে দিন ‘দশম অবতার’ ছবিতে ‘প্রবীর-পোদ্দার’ জুটির জন্মদাতা পরিচালক সৃজিতও জানিয়েছিলেন, চিত্রনাট্য তৈরি। জানান, অনির্বাণ কাজ করতে পারলে এখনই তিনি ফ্লোরে যাবেন।

যাঁকে নিয়ে এত আলোচনা, ‘প্রত্যাবর্তন’ প্রসঙ্গে সেই অনির্বাণের কী প্রতিক্রিয়া? অভিনেতা আপাতত অধরা। তবে গত মার্চে আনন্দবাজার ডট কম-কে বলেছিলেন, “এ বিষয়ে আমার কোনও ধারণা নেই!” অভিনেতার কথায়, “ইন্ডাস্ট্রির সকলেই চান, আমি কাজে ফিরি। বুম্বাদা আগেও বলেছেন সংবাদমাধ্যমের সামনে। কালকেও যখন সাক্ষাৎ হয়েছে, তখনও বলেছেন। তা ছাড়া ‘প্রবীর-পোদ্দার’ জুটি মানুষের খুবই ভালবাসা পেয়েছিল।” অভিনেতার ধারণা, সেখান থেকেই বাংলা বিনোদনদুনিয়া এবং প্রসেনজিৎ-- সবাই চান অনির্বাণ কাজে ফিরুন।

তবে প্রসেনজিৎ যখন এই ঘোষণা করেছিলেন, তখন অনির্বাণের মুখে চওড়া হাসি। যদিও, তিনি কোনও কথা বলেননি। একই ভাবে প্রসেনজিৎকে যাঁরা চেনেন, তাঁরা এটাও জানেন, বেফাঁস কথা বলার মানুষ তিনি নন। তার উপরে প্রসেনজিৎ যখন এ কথা বলছিলেন, তখন তাঁর আর অনির্বাণের উল্টো দিকে সাংবাদিকদের ঢল। ক্যামেরা ‘ফোকাস্‌ড’ তাঁদের উপরে। পরে মুঠোফোনে বন্দি সেই মুহূর্ত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমেও। রূপম ইসলাম পর্যন্ত যোগ দিয়েছিলেন সেই আলোচনায়। হাসতে হাসতে বলেছিলেন, “আমি যেন বাদ না পড়ি। আমি যেন থাকি।” প্রসঙ্গত, সৃজিতের ওই ছবির একটি গান গেয়েছিলেন রূপম।

Dev Prosenjit Chatterjee Srijit Mukherji Anirban Bhattacharya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy