শীঘ্রই অভিনয়ে ফিরছেন ‘নিষিদ্ধ’ অনির্বাণ ভট্টাচার্য? এ রকম সম্ভাবনার কথা একাধিক বার জানিয়েছে আনন্দবাজার ডট কম। কখনও দেবের পুজোর ছবিতে তাঁর থাকার সম্ভাবনার কথা উল্লেখ করে, কখনও ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে অভিনেতার সন্ধির পূর্বাভাস দিয়ে।
শনিবার রাতে রূপম ইসলাম আয়োজিত সাফল্য উদ্যাপনের অনুষ্ঠানে সে সম্ভাবনায় সিলমোহর দিলেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! তারকাখচিত উদ্যাপনে আমন্ত্রিতদের মধ্যে অন্যতম অনির্বাণকে পাশে নিয়ে প্রসেনজিতের ঘোষণা, “খুব শিগগিরিই ফিরছে প্রবীর-পোদ্দার।” প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’ ছবিতে ‘প্রবীর’ এবং ‘পোদ্দার’ চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন যথাক্রমে প্রসেনজিৎ এবং অনির্বাণ। এই ছবিতে তাঁর আর প্রসেনজিতের জুটি দর্শক প্রশংসিত।
আরও পড়ুন:
যাঁকে নিয়ে এত আলোচনা, সেই অনির্বাণ কিন্তু নীরব! কেন এই নীরবতা? কবে ফিরছেন তিনি?
অবশেষে আনন্দবাজার ডট কম-এর কাছে মুখ খুলেছেন তিনি। অনির্বাণ বলেছেন, “এ বিষয়ে আমার কোনও ধারণা নেই!” প্রসেনজিৎ কি তা হলে ওই মুহূর্তে ‘কথার কথা’ বলেছেন? অভিনেতার কথায়, “ইন্ডাস্ট্রির সকলেই চান, আমি কাজে ফিরি। বুম্বাদা আগেও বলেছেন সংবাদমাধ্যমের সামনে। কালকেও যখন সাক্ষাৎ হয়েছে, তখনও বলেছেন। তা ছাড়া ‘প্রবীর-পোদ্দার’ জুটি মানুষের খুবই ভালবাসা পেয়েছিল।” অভিনেতার ধারণা, সেখান থেকেই বাংলা বিনোদনদুনিয়া, তিনি এবং প্রসেনজিৎ-- সবাই চান অনির্বাণ কাজে ফিরুন। তবে কত তারিখ বা কোন সময়ে তিনি ফিরছেন, এ ব্যাপারে কিছুই জানেন না অভিনেতা। তাই নির্দিষ্ট দিনক্ষণ তার পক্ষে বলা সম্ভব নয়।
প্রসেনজিৎ যখন এই ঘোষণা করছেন, তখন অনির্বাণের মুখে চওড়া হাসি। কিন্তু তিনি কোনও কথা বলেননি। একই ভাবে প্রসেনজিৎকে যাঁরা জানেন, তাঁরা এটাও জানেন, বেফাঁস কথা বলার মানুষ তিনি নন। তার উপরে প্রসেনজিৎ যখন এ কথা বলছিলেন, তখন তাঁর আর অনির্বাণের উল্টো দিকে সাংবাদিকদের ঢল। ক্যামেরা ‘ফোকাসড’ তাঁদের উপরে। পরে মুঠোফোনে বন্দি সেই মুহূর্ত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমেও। রূপম ইসলাম পর্যন্ত যোগ দিয়েছেন সেই আলোচনায়। হাসতে হাসতে বলেছেন, “আমি যেন বাদ না পড়ি। আমি যেন থাকি।” প্রসঙ্গত, সৃজিতের ওই ছবির একটি গান গেয়েছিলেন রূপম।
দেব এর আগে সাংবাদিকদের সামনে অনির্বাণের হয়ে ক্ষমা চেয়েছেন। তাঁকে কাজে ফিরিয়ে নেওয়া হোক, বার্তা দিয়েছেন। পুজোর ছবির নামঘোষণার সময় দেবের সঙ্গে শুভশ্রীও একই আবেদন জানিয়েছেন। পরে আনন্দবাজার ডট কম-এর কাছে অনির্বাণের সমর্থনে বক্তব্য জানিয়েছেন পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তীও। এ বার প্রসেনজিতের সরাসরি ঘোষণা তাই আশা জাগিয়েছে অনির্বাণের অনুরাগী এবং বাংলা বিনোদনদুনিয়ার সবার মনে।