Advertisement
E-Paper

গরমে পেট ঠান্ডা থাকবে, পুষ্টিও হবে, চিনি ছাড়া দই দিয়েই বানিয়ে ফেলুন নানা স্বাদের আইসক্রিম

গরমে আইসক্রিম খেতেই মন চায়। তবে ক্যালোরির কথা ভেবে পিছিয়ে আসেন অনেকে। দোকান থেকে কেনা আইসক্রিমের বদলে বাড়িতে দই নিয়ে বানিয়ে দিতে পারেন নানা স্বাদের পুষ্টিকর আইসক্রিম। রইল কিছু প্রণালী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৩:৩৮
Beat the Summer Heat With Delicious Yogurt Ice Cream Recipes for Kids Without Added Sugar

দই দিয়ে ঘরোয়া উপকরণে নানা স্বাদের পুষ্টিকর আইসক্রিমের রেসিপি রইল। ছবি: ফ্রিপিক।

সামনেই গরমের ছুটি। এ সময়ে ছোটরা আইসক্রিম খাওয়ার বায়না করলে তা বাড়িতেই বানিয়ে দিতে পারেন। শুধু ছোটরা কেন, এই গরমে আইসক্রিম খেতে সকলেরই মন চায়। কিন্তু ক্যালোরির কথা ভেবে পিছিয়ে আসেন অনেকে। আর দোকান থেকে কেনা আইসক্রিমে এত বেশি কৃত্রিম চিনি, রং, প্রিজ়ারভেটিভ ও ফ্লেভার থাকে যা শরীরের জন্য একেবারেই ভাল নয়। তাই কৃত্রিম রং বা ফ্লেভার নয়, বরং দই দিয়েই বানাতে পারেন আইসক্রিম। দইয়ের সঙ্গে নানা রকম ফল ও বাদাম মিশিয়ে মনের মতো আইসক্রিম তৈরি করা যায় বাড়িতেই। তাতে যেমন দইয়ের প্রোবায়োটিক মিশবে, তেমনই মিশবে ফলের ফাইবারও। এই আইসক্রিম খেতে যেমন সুস্বাদু হবে, তেমনই পুষ্টিকরও হবে।

এমন আইসক্রিম বানাতে ঘরে পাতা দই বেশি ভাল। তবে কেনা দইও চলবে। কিন্তু কোনও রকম ফ্লেভার মেশানো দই নয়। দই দিয়ে নানা স্বাদের আইসক্রিম তৈরির কিছু রেসিপি রইল।

আপেল-দারচিনি ও দইয়ের আইসক্রিম

আপেল-দারচিনি ও দইয়ের আইসক্রিম।

আপেল-দারচিনি ও দইয়ের আইসক্রিম। ছবি: ফ্রিপিক।

এমন আইসক্রিম বানানো সহজ। ঘরোয়া উপকরণেই তৈরি হয়ে যাবে। ১টি গোটা আপেল, ১ কাপ জল ঝরানো টক দই, ২ চামচ মধু, এক চিমটে দারচিনিগুঁড়ো ও ১ চামচ মাখন নিতে হবে। প্রথমে আপেলের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। প্যানে সামান্য মাখন দিয়ে আপেলের টুকরোগুলি হালকা নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করুন। এ বার আপেল ঠান্ডা করে তার সঙ্গে দই, মধু ও দারচিনির গুঁড়ো মিশিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। খুব মিহি মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণটি আইসক্রিম মোল্ডে ঢেলে ফ্রিজে ৭-৮ ঘণ্টা রেখে জমিয়ে নিন।

আনারস ও নারকেলের দুধের আইসক্রিম

আনারস ও নারকেলের দুধের আইসক্রিম।

আনারস ও নারকেলের দুধের আইসক্রিম। ছবি: ফ্রিপিক।

নারকেলের দুধ এবং আনারসের সঙ্গে দই মিশিয়ে খুবই সুস্বাদু আইসক্রিম তৈরি করা যায় যা ছোটদের জন্যও স্বাস্থ্যকর। আনারস ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন। এ বার মিক্সিতে ব্লেন্ড করে রস ছেঁকে নিন। একটি পাত্রে আনারসের রস, নারকেলের দুধ, আধ কাপের মতো টক দই ও ২ চামচ মধু মিশিয়ে হ্যান্ড ব্লেন্ডার বা চামচ দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এই মিশ্রণটি মোল্ডে ঢেলে তাতে কাঠি গুঁজে ফ্রিজে রেখে দিন। কৃত্রিম ফ্লেভার ছাড়াই আনারসের আইসক্রিম তৈরি হয়ে যাবে।

তরমুজ-পুদিনা-দইয়ের আইসক্রিম

তরমুজ-পুদিনা-দইয়ের আইসক্রিম।

তরমুজ-পুদিনা-দইয়ের আইসক্রিম। ছবি: ফ্রিপিক।

গরমে প্রাণ জুড়োবে, ক্যালোরিও বাড়বে না এমন আইসক্রিম খেলে। এটি বানাতে লাগবে ১ কাপ তরমুজের টুকরো (বীজ ছাড়া), আধ কাপ টক দই, ৫-৬টি পুদিনা পাতা, ১ চামচ লেবুর রস, ১ চামচ মধু। চাইলে কাঠবাদামও মেশাতে পারেন। প্রথমে তরমুজ, পুদিনা পাতা এবং লেবুর রস মিক্সিতে পেস্ট করে ছেঁকে নিন। এ বার এই মিশ্রণে দই ও মধু মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। উপরে কাঠবাদামের কুচি ছড়িয়ে দিন। মোল্ডে ঢেলে ফ্রিজে জমিয়ে নিলেই তৈরি হয়ে যাবে।

আমসত্ত্ব ও দইয়ের মালাই আইসক্রিম

আমসত্ত্ব ও দইয়ের মালাই আইসক্রিম।

আমসত্ত্ব ও দইয়ের মালাই আইসক্রিম। ছবি: ফ্রিপিক।

হাতে সময় কম থাকলে খুব সহজেই এমন আইসক্রিম বানিয়ে নেওয়া যাবে। খেতে হবে দোকান থেকে কেনা মালাই আইসক্রিমের মতোই। আধ কাপ ছোট টুকরো করা আমসত্ত্ব, ১ কাপ ঘন মিষ্টি দই বা টক দইও নিতে পারেন, টক দই নিলে মিষ্টি স্বাদের জন্য ৩ চামচ মধু মেশাতে হবে। আর লাগবে ৪-৫টি কাঠবাদামের কুচি। একটি বড় পাত্রে দই খুব ভাল করে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে আমসত্ত্বের ছোট ছোট টুকরো ও কাঠবাদামের কুচি ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি আইসক্রিম মোল্ডে ঢেলে ফ্রিজে ৭-৮ ঘণ্টা রাখলেই জমে মালাই আইসক্রিম তৈরি হয়ে যাবে।

Yogurt Dessert Recipes ice cream
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy