ষষ্ঠীর দুপুরে ও রাতে জমজমাটি খাওয়াদাওয়ার পর মুখশুদ্ধির চাহিদা বাড়ে। মন আঁকুপাঁকু করে জোয়ান, মৌরি, মিছরির জন্য। কিন্তু সেখানেও চমক আনতে পারেন শাশুড়িরা। শেষপাতে রাখতে পারেন সুস্বাদু ও স্বাস্থ্যকর মুখশুদ্ধি। বানাতে লাগবে মাত্র ১০ মিনিট। তবে তার আগে জোগাড়ের জন্য মিনিট আষ্টেক সময় রাখুন হাতে।
কোন কোন উপকরণ প্রয়োজন? ছবি: সংগৃহীত
কী কী উপকরণের প্রয়োজন?
এক কাপের এক-চতুর্থাংশ ধনে
এক কাপের এক-চতুর্থাংশ মৌরি
এক কাপের এক-চতুর্থাংশ তিল
১ চা চামচ নুন
আধ চা-চামচ হলুদগুঁড়ো
কী উপকারিতা তার?
এর উপাদানগুলির মধ্যে মৌরি মুখ থেকে খাবারের গন্ধ দুর করতে পারে। হজমক্ষমতাও উন্নত করতে পারে মৌরি। পেটে ব্যথা বা বুকজ্বালা থেকে মুক্তি দেয় ধনে। সামগ্রিক ভাবে অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে তিল। পাশাপাশি, এই সব ক’টি উপকরণেই রয়েছে একাধিক পুষ্টিগুণ।
কী ভাবে বানাবেন?
একটি পাত্রে অল্প জল নিন। তাতে নুন ও হলুদগুঁড়ো মিশিয়ে ভাল করে গুলে নিন।
ধনে, মৌরি ও তিলের মধ্যে আলাদা আলাদা করে অল্প নুন-হলুদের জল মিশিয়ে নিন। জল শুষে নেওয়া পর্যন্ত কিছু ক্ষণ রেখে দিন।
একটি কড়াই গরম করে তাতে একে একে সমস্ত মশলা রোস্ট করে নিন। প্রথমে ধনে দিয়ে শুকনো ভেজে নিন। সুগন্ধ বেরোলে এবং মুচমুচে হয়ে এলে নামিয়ে একটি পাত্রে রেখে ঠান্ডা করুন।
আরও পড়ুন:
একই ভাবে তিল ও মৌরীও আলাদা আলাদা করে শুকনো খোলায় ভেজে নিন। তার পর সব উপকরণ একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন কড়াইয়ে।
সম্পূর্ণ ঠান্ডা হলে বায়ুরোধী পাত্রে ভরে রেখে দিন। আর মুখশুদ্ধি হিসেবে এগিয়ে দিন জামাইদের হাতে।