রেখা ভরদ্বাজ বলিউডের খ্যাতনামী গায়িকা। তবে একটা সময়ে পরিচালক বিশাল ভরদ্বাজের স্ত্রী হিসাবে পরিচিতি ছিল তাঁর। গায়িকা হিসাবে জনপ্রিয়তাও তাঁর মূলত স্বামীর মাধ্যমেই। প্রধানত শাস্ত্রীয়সঙ্গীতই গাইতেন রেখা। স্বামী বিশালের পাল্লায় পড়েই নাকি বলিউডে ‘আইটেম গান’ গাওয়া শুরু করেন। ‘ওমকারা’ ছবিতে ‘নমক ইশ্ক কা’ গানটি প্রথমে বড্ড বেশি যৌনগন্ধী মনে হয়েছিল রেখার। শেষমেশ বিশালের কথাতেই সেই গান গাইতে রাজি হন রেখা।
আরও পড়ুন:
২০০৬ সালে মুক্তি পেয়েছিল বিশাল পরিচালিত ‘ওমকারা’। ছবির পরিচালনার পাশাপাশি গানগুলির সুরও তাঁরই দেওয়া ছিল। শেক্সপিয়ারের ‘ওথেলো’ নাটক অবলম্বনে তৈরি এই ছবির জন্য দর্শকমহলে প্রশংসিত বিশাল। এই ছবিতে একটি ‘আইটেম’ গানে নাচ করেন বিপাশা বসু। গানের নাম ‘নমক ইশ্ক কা’। এই গানের জন্য স্ত্রীর কণ্ঠ ব্যবহার করতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করতেই বেঁকে বসেন রেখা। স্পষ্ট জানিয়ে দেন, তিনি এমন যৌনগন্ধী গান গাইবেন না। বিশাল নাকি তাঁর প্রায় সব গানগুলির প্রথম দু’-একটি স্তবক রেখাকে দিয়ে গাওয়ান। তা হলে গানটি সম্পর্কে তিনি একটা ধারণা পান। রেখা নিজেই জানান সে কথা। এই গানের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। গানটি রেখা প্রথম গাওয়ার পরে বিশাল নাকি ঠিক করেন যে, এটি তিনি স্ত্রীকে দিয়েই গাওয়াবেন।
বিশালের ইচ্ছার তীব্র প্রতিবাদ করে রেখা জানান, তিনি বরাবরই নরম, মন ছুঁয়ে যাওয়া গান গেয়েছেন। রেখা বলেন, ‘‘প্রথমত গানটা বিশাল একটা ফোনে রেকর্ড করে। ওর ভাল লাগে। তার পর পুরো গানটা রেকর্ড করার অনুরোধ করে। আমি মূলত আবেগঘন গান গেয়ে অভ্যস্ত। এই গানটা খানিক যৌনগন্ধী হওয়ায় আমার আপত্তি ছিল। যার ফলে এই ধরনের গান গাওয়াটা আমার পক্ষে বেশ কষ্টকর।’’ যদিও শেষমেশ স্বামীর কথা ফেলতে পারেননি রেখা। তিনিই গানটি গান এবং সেই গান বিপুল সাফল্য লাভ করে।
সম্প্রতি ‘ওমকারা’ ছবিটি ২০ বছর পূর্ণ করল। এই ছবিই যেন গায়িকা হিসাবে রেখার জীবনকে নতুন দিশা দিয়েছিল। ছবির বাকি গানগুলিও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। বিশেষ প্রশংসা পেয়েছিলেন ‘লংড়া ত্যাগী’র চরিত্রে সইফ আলি খান।