নতুন পোশাক কেনার সঙ্গে সঙ্গে তা পরে ফেলেন? না কি তা পরার আগে এক বার ধুয়ে নেন? স্বাস্থ্যের কথা খেয়াল না রেখে অনেকেই নতুন পোশাক না ধুয়েই পরে নেন। নতুন জামা যত ক্ষণ না পরা হচ্ছে তত ক্ষণ যেন শান্তি নেই তাঁদের। তবে অনেকে আবার উল্টোটাও করেন। কিন্তু কোনটা ঠিক? নতুন পোশাক ধুয়ে পরা ভাল? না কি না ধুয়ে পরলেও কোনও ক্ষতি নেই?
যদি আপনার প্যাকেট থেকে বার করেই নতুন পোশাক পরে ফেলার অভ্যাস থাকে, তা হলে কিছু বিষয় মাথায় রাখা ভীষণ জরুরি। অনলাইনে অর্ডার করলে আপনার কাছে পৌঁছোনোর আগে জামাগুলি অনেক পথ পেরিয়ে আসে। কারখানা, গুদাম থেকে শুরু করে শিপিং কন্টেনার থেকে দোকানের তাক— একাধিক বার পোশাকগুলির হাতবদল হয়। সেই সময় পোশাকে ধুলো, ময়লা এবং এমনকি ব্যাক্টেরিয়ারও জমতে পারে। আর দোকান থেকে কিনলে মাথায় রাখবেন আপনার আগে অনেকেই হয়তো সেই জামা পড়ে দেখেছেন। তাই ব্যাক্টেরিয়া সংক্রমণের ভয় থাকেই।
ত্বক চিকিৎসকদের মতে, নতুন পোশাক ধুয়ে পরাই উচিত। কারণ, নতুন কাপড়ে বিভিন্ন ধরনের ডাই ও কেমিক্যাল থাকতে পারে। যা ত্বকের ক্ষতি করতে পারে। অনেক সময় শপিং মল কিংবা দোকানের তাকে জামাকাপড় ঝুলিয়ে রাখা হয়। সে সব জামাকাপড়ে যাতে ছত্রাক রোধ করতে তাতে ফর্মালডিহাইডের মতো রাসায়নিক ছড়িয়ে দেওয়া হয়। ওই জামা পরলে স্পর্শকাতর ত্বকে র্যাশ দেখা দিতে পারে। তবে নতুন জামাকাপড় পরার আগে এক বার ধুয়ে নিলে আর এই সমস্যা হয় না।
এ তো গেল পোশাকে রাসায়নিকের কথা। কিন্তু, নতুন পোশাক থেকে আমাদের শরীরে কোনও জীবাণু আসার সম্ভাবনা আছে কি? চিকিৎসকদের মতে, জামাকাপড়ের মতো নতুন অন্তর্বাস কিনে তা না ধুয়ে পরা একেবারেই ঠিক নয়। সুতরাং নতুন পোশাক ধুয়ে ব্যবহার করলে ত্বকের কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়।