Advertisement
E-Paper

মুখের ভিতরে ঘা, হঠাৎ ওজন হ্রাস বা খাবার গিলতে কষ্ট, ঝুঁকি বাড়ছে ক্যানসারের! কখন সতর্ক হবেন

এই রোগের শুরুতে অনেক সময়ে তেমন ব্যথা বা অস্বস্তি থাকে না। ফলে লক্ষণগুলিকে অবহেলা করতে করতে বিপদের সীমা অতিক্রম করে ফেলেন অনেকে। কী কী দেখে সতর্ক হবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৮:২৭
মুখগহ্বরের ক্যানসারের ঝুঁকি।

মুখগহ্বরের ক্যানসারের ঝুঁকি। ছবি: সংগৃহীত।

মুখের ছোট ঘা সাধারণত খুব গুরুত্ব পায় না। অনেকেই ভাবেন, দু’দিনে ঠিক হয়ে যাবে। বেশির ভাগ ক্ষেত্রে তা হয়ও। কিন্তু কখনও কখনও এই সাধারণ লক্ষণের আড়ালেই লুকিয়ে থাকতে পারে গুরুতর সমস্যা, মুখগহ্বরের ক্যানসার। মূলত ঠোঁট, জিভ, গালের ভিতরের অংশ, মাড়ি বা গলায় তৈরি হতে পারে এই ক্যানসার। ধূমপান, তামাকজাত দ্রব্যের ব্যবহার, অ্যালকোহল, এ সবই এর ঝুঁকি বাড়ায়। তবে সবচেয়ে বড় সমস্যা হল, এই রোগের শুরুতে অনেক সময়ে তেমন ব্যথা বা অস্বস্তি থাকে না। ফলে লক্ষণগুলিকে অবহেলা করতে করতে বিপদের সীমা অতিক্রম করে ফেলেন অনেকে।

মুখের ভিতরে ঘা হলে সতর্ক হতে হবে।

মুখের ভিতরে ঘা হলে সতর্ক হতে হবে। ছবি: সংগৃহীত

কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

১. মুখে কোনও ঘা বা আলসার যদি ২–৩ সপ্তাহেও না সারে, তা হলে সতর্ক হতে হবে। সাধারণ আলসার দ্রুত সেরে যাওয়ার কথা। কিন্তু যদি তা দীর্ঘ দিন ধরে থেকে যায়, তা হলে সেটি অবশ্যই পরীক্ষা করানো উচিত।

২. মুখের ভিতরে বা জিভে লাল বা সাদা দাগ দেখা গেলেও সতর্ক হতে হবে। এগুলিতে ব্যথা হতেও পারে, না-ও হতে পারে। সহজেই নজর এড়িয়ে যায় এই প্যাচগুলি। অথচ এগুলিই ক্যানসারের প্রাথমিক ইঙ্গিত হতে পারে।

৩. মুখের ভিতরে বা ঠোঁটে শক্ত গাঁট, ফোলা অংশ বা অস্বাভাবিক কিছু অনুভব করলে তা অবহেলা করা ঠিক নয়। এগুলি প্রথমে ছোট থাকলেও ধীরে ধীরে বড় হতে পারে।

৪. গলার স্বর এবং কথা বলার ধরনে বদল এলেও সতর্ক হওয়া উচিত। গলার স্বর কর্কশ হয়ে গেলে বা শব্দ উচ্চারণে অসুবিধা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৫. খাবার গিলতে অসুবিধা, চোয়াল নড়াতে কষ্ট বা মুখ খুলতে সমস্যা— এ সবও রোগের অগ্রগতির ইঙ্গিত হতে পারে। এগুলিকে কখনওই সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া উচিত নয়।

৬. জিভ বা ঠোঁটে অবশ ভাব, ঝিনঝিন করা বা অনুভূতি কমে যাওয়ার মতো সমস্যাগুলিও ক্যানসারের সতর্কবার্তা হতে পারে।

৭. ডায়েট বা ব্যায়াম না করেই আচমকা ওজন হ্রাস হতে থাকলেও চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত। কেবল মুখগহ্বরের নয়, একাধিক ক্যানসারের লক্ষণ হতে পারে ওজন কমে যাওয়া।

Oral Cancer Cancer Risk
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy