Advertisement
E-Paper

জঙ্গলে বুনো হাতিদের উত্ত্যক্ত করল ‘রিল্‌স গ্যাং’, বাঁচল পদপিষ্ট হতে হতে! ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়

সমাজমাধ্যম এক্স ব্যবহারকারী প্রশান্ত রাইয়ের শেয়ার করা একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, পাঁচ যুবক সমাজমাধ্যমে কন্টেন্ট তৈরির উদ্দেশ্যে সিমলিপাল বনাঞ্চল ও এর আশপাশের এলাকায় ইচ্ছাকৃত ভাবে হাতিদের উত্ত্যক্ত করছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১১:২৬
Video shows youths from Odisha provoke elephants in Simlipal and film it for content, netizens show anger

ছবি: এক্স থেকে নেওয়া।

সমাজমাধ্যমে কন্টেন্ট তৈরির নেশায় বুনো হাতিকে উত্ত্যক্ত করলেন এক দল যুবক! বিরক্ত হয়ে যুবকদের লাথি মারতে গেল একটি হাতি। ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে ব্যাপক ক্ষোভেরও সৃষ্টি করেছে। নেটাগরিকদের অনেকেই যুবকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সমাজমাধ্যম এক্স ব্যবহারকারী প্রশান্ত রাইয়ের শেয়ার করা একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, পাঁচ যুবক সমাজমাধ্যমে কন্টেন্ট তৈরির উদ্দেশ্যে সিমলিপাল বনাঞ্চল ও এর আশপাশের এলাকায় ইচ্ছাকৃত ভাবে হাতিদের উত্ত্যক্ত করছেন। ‘সিমলিপালে হাতিদের উত্ত্যক্তকারী ‘রিল্‌স গ্যাং’-এর মুখোশ উন্মোচন’— শিরোনামের এই ভিডিয়োগুলিতে অভিযোগ করা হয়েছে যে, যুবকরা বার বার হাতিদের আবাসস্থলে প্রবেশ করেছিলেন এবং ইনস্টাগ্রাম রিল তৈরির জন্য বন্য প্রাণীগুলিকে বিরক্ত করছিলেন।

রাই লিখেছেন, ‘‘এই পাঁচ জন সিমলিপাল এবং ময়ূরভঞ্জ এলাকার হাতিদের জীবন দুর্বিষহ করে তুলছেন। সস্তা জনপ্রিয়তা এবং রিল তৈরির লোভে তারা অবিরাম এই শান্ত এবং বিশাল প্রাণীগুলোকে বিরক্ত করে চলেছে। তাঁদের এই কাণ্ডজ্ঞানহীন কাজ যে কোনও সময় বড় ধরনের কোনও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে।’’

শেয়ার করা প্রথম ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েক জন যুবক মোটরবাইকে করে বনাঞ্চলের ভিতর দিয়ে হাতির পালের সন্ধানে ঘুরছেন। হাতিগুলোর অবস্থান চিহ্নিত করার পর তাঁদের বন্যপ্রাণীগুলির একেবারে কাছাকাছি এগিয়ে যেতে দেখা যায়। অন্য একটি ক্লিপে দেখা গিয়েছে, দলটির সদস্যেরা একটি হস্তীশাবককে উত্ত্যক্ত করার চেষ্টা করছেন। অন্য একটি ভিডিয়োয় আবার, এক যুবককে হাতির অত্যন্ত কাছাকাছি দাঁড়িয়ে লাঠি দিয়ে খোঁচা দিতে দেখা গিয়েছে। বিরক্ত হয়ে এক পর্যায়ে যুবকদের লাথি মারার চেষ্টা করে হাতিটি। সেই সব ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘প্রশান্ত রাই’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভাইরাল পোস্টে একাধিক কর্মকর্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষকে ট্যাগ করা হলেও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেই খবর। তবে সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। পুরো ঘটনায় বিরক্তি প্রকাশ করে ওই যুবকদের শাস্তির দাবিতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। কোনও বড় দুর্ঘটনা ঘটার আগেই কর্তৃপক্ষকে এ বিষয়ে পদক্ষেপ করার আহ্বানও জানিয়েছেন কেউ কেউ।

Viral Video Elephant animal video Instagram Reel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy