Advertisement
E-Paper

আগে কী কাজ করতেন? ক্যাবচালকের উত্তরে চমকে গেলেন তরুণী, ভাইরাল ভিডিয়োয় হইচই

দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় চেতনা জানান যে, কুমার আগে অ্যামাজ়নে কাজ করতেন। কিন্তু গাড়ি চালানোর প্রতি নিজের ভালবাসাকে প্রাধান্য দিয়ে তিনি সেই চাকরি ছেড়ে দেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১০:৫২
Video claims app cab driver from Hyderabad switches career from Amazon

ছবি: ইনস্টাগ্রাম।

হায়দরাবাদের এক প্রাক্তন অ্যামাজ়ন কর্মী, যিনি কর্পোরেট চাকরি ছেড়ে ক্যাবচালক হয়েছেন, তাঁকে নিয়ে তৈরি একটি ভিডিয়ো সমাজমাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছে। এর কারণ কেবল পেশা পরিবর্তন নয়, বরং এই সিদ্ধান্তের নেপথ্যে থাকা সহজ এবং সুন্দর কারণ। কী সেই কারণ? ওই প্রাক্তন অ্যামাজ়ন কর্মী জানিয়েছেন, তিনি গাড়ি চালাতে খুবই ভালবাসেন। আর সে কারণে ওই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ওই প্রাক্তন অ্যামাজ়ন কর্মী এবং অধুনা ক্যাবচালকের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করেছেন সফ্‌টওয়্যার ডেভেলপার এবং কন্টেন্ট ক্রিয়েটর (বিষয়স্রষ্টা) চেতনা সিংহ। একটি জনপ্রিয় অ্যাপ ক্যাব সংস্থার গাড়ি ভাড়া করে যাওয়ার সময় চালক কুমারের সঙ্গে পরিচয় হয় তাঁর। আলাপচারিতার সময় তিনি কুমারের ব্যতিক্রমী পেশাগত জীবনের গল্প জানতে পারেন।

চেতনা যে ভিডিয়ো শেয়ার করেছেন তার শুরুতে একটি লেখা ভেসে ওঠে। সেখানে লেখা ছিল, ‘‘উনি অ্যামাজ়নের চাকরি ছেড়ে অ্যাপ ক্যাব চালানো শুরু করেছেন।’’ দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় চেতনা জানান যে, কুমার আগে অ্যামাজ়নে কাজ করতেন। কিন্তু গাড়ি চালানোর প্রতি ভালবাসাকে প্রাধান্য দিয়ে তিনি সেই চাকরি ছেড়ে দেন। চেতনা আরও উল্লেখ করেন যে, কুমার যে অ্যাপ ক্যাব সংস্থার হয়ে গাড়ি চালান, সেই সংস্থার অন্যতম সেরা রেটিং পাওয়া চালক তিনি।

কুমার এবং চেতনার মধ্যে কথোপকথনের এক পর্যায়ে কুমার অকপটে জানান, কী কারণে তিনি এই পেশায় এসেছেন। তিনি জানান, তাঁর কাছে গাড়ি চালানো মানে কেবল যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া নয়, বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, তাঁদের গল্প শোনা এবং তাঁদের সঙ্গে মেলামেশা করা। কুমার আরও জানিয়েছেন, হায়দরাবাদ শহরে গাড়ি চালানোর সুবাদে তিনি তাঁর প্রিয় শহরটিকে নতুন করে দেখার এবং জানার সুযোগ পেয়েছেন। পেশাদার চালক হিসাবে তিনি কত দিন ধরে কাজ করছেন, সে প্রশ্নের জবাবে কুমার জানান, আগের চাকরি ছাড়ার পর ২০১৪ সালে তিনি অ্যাপ ক্যাব সংস্থায় যোগ দেন। তখন থেকে এখনও পর্যন্ত তিনি প্রায় ২৩,৬০০টি ট্রিপ বা যাত্রা সম্পন্ন করেছেন।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে চেতনারই ইনস্টাগ্রাম হ্যান্ডল ‘চেতনাসিংহ___’ থেকে। ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘এমন এক দেশে যেখানে অধিকাংশ মানুষ দায়িত্ব এবং সামাজিক চাপের কারণে নিজেদের শখ বা ভাল লাগার বিষয়গুলোকে বিসর্জন দেন, সেখানে এমন এক জনের দেখা পাওয়া সত্যিই অনুপ্রেরণাদায়ক, যিনি নিজের খুশির জন্য কাজ বেছে নিয়েছেন।’’ ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার ক্যাবচালকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘চমৎকার কাজ করেছেন স্যার! আপনি স্রোতে গা ভাসিয়ে দেননি, বরং নিজের পথ নিজেই তৈরি করছেন।’’

Viral Video App Cab Amazon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy