Advertisement
E-Paper

স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ, ‘জঙ্গি’ সম্বোধন! ভিতরে সমর্থন, বিদ্রুপও, আমেরিকায় বিশ্বকাপ খেলতে গিয়ে স্বদেশীয়দের রোষে তারেমিরা

ইরানের জাতীয় সঙ্গীত বাজার সময় কিছু দর্শক শব্দ করে বিদ্রুপ করেন। ফিফার নিষেধাজ্ঞা উড়িয়ে কয়েক জন ইরানের পুরনো পতাকা নিয়ে অবশ্য স্টেডিয়ামে ঢুকে পড়েন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১১:০৩
picture of football

ফিফার নিষিদ্ধ করা ইরানের পুরনো পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবাসী ইরানিরা। ছবি: রয়টার্স।

বিশ্বকাপ খেলতে আমেরিকায় গিয়ে বিক্ষোভের মুখে ইরান দল। আমেরিকার মানুষেরা নন, বিক্ষোভ দেখাচ্ছেন প্রবাসী ইরানিরাই। তাঁদের দাবি, মেহদি তারেমি, মহম্মদ মোহেবিরা ইরানের আসল প্রতিনিধি নন। হোটেলে, স্টেডিয়ামের বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। বিক্ষোভকারীদের হাতে ছিল ইরানের পুরনো সূর্য এবং সিংহের প্রতীক দেওয়া পতাকা।

ইরানের ভূমিপুত্ররাই বিক্ষোভ দেখাচ্ছেন। ফুটবলারদের ‘জঙ্গি’ বলা হচ্ছে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের কয়েক ঘণ্টা আগে ইরানের হোটেলের সামনে বিক্ষোভ দেখান প্রায় আড়াই শো মানুষ। তাঁরা বলেন, বিশ্বকাপ খেলতে এসেছে আয়াতোল্লা খামেইনির ‘জঙ্গি’ শাসনের দল। আমেরিকায় বসবাসকারী ইরানের বংশোদ্ভূতেরা বিশ্বকাপের ম্যাচকে কাজে লাগাতে পারেন, এমন আশঙ্কা ছিলই। ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের আগে বা পরে বহু মানুষ ইরান ছেড়ে আমেরিকায় চলে গিয়েছিলেন। যাঁরা ইরানের বর্তমান শাসকদের তীব্র বিরোধী। মূলত তাঁরাই বিক্ষোভ দেখাচ্ছেন।

রাজনীতি এবং বিতর্ক এড়াতে ইরানের পুরনো পতাকাকে বিশ্বকাপে নিষিদ্ধ করেছে ফিফা। তা-ও সেই পতাকা নিয়ে বেশ কিছু মানুষ সোফি স্টেডিয়ামের বাইরে ম্যাচ শুরু হওয়ার আগে বিক্ষোভ দেখান। ইরান ফুটবল দলকে নিষিদ্ধ করার দাবি তোলেন তাঁরা। কড়া নিরাপত্তা কারণে স্টেডিয়ামে ভিতরে ঢুকতে পারেননি বিক্ষোভকারীরা। স্টেডিয়ামের বেশ কিছুটা দূরেই তাঁদের আটকে দেন পুলিশ কর্মীরা। ফলে ইরান-নিউ জ়িল্যান্ড ম্যাচে প্রভাব পড়েনি। স্টেডিয়ামে ইরানের সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আমেরিকা-ইজ়রায়েলের যৌথ সামরিক হামলায় নিহত ১৬৮ জন স্কুল পড়ুয়াকে স্মরণ করেন ইরানের সমর্থকেরা। গ্যালারি থেকে বিশেষ বার্তাও দেওয়া হয়। তাঁদের বার্তা উজ্জীবিত করে ইরানের ফুটবলারদেরও। তবে ইরানের জাতীয় সঙ্গীত বাজার সময় কিছু দর্শক শব্দ করে বিদ্রুপ করেন। ফিফার নিষেধাজ্ঞা উড়িয়ে কয়েক জন ইরানের পুরনো পতাকা নিয়ে অবশ্য স্টেডিয়ামে ঢুকে পড়েন।

বিতর্কে জড়িয়েছেন ইরানের ফুটবলার মহম্মদ মোহেবিও। দলের হয়ে দ্বিতীয় গোল করার পর বন্দুক থেকে গুলি ছোড়ার ভঙ্গিতে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তাঁর ‘গান সেলিব্রেশন’ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও। যা নিয়ে ক্ষুব্ধ আমেরিকায় প্রবাসী ইরানিরা। বিশেষত যাঁরা এই দলকে সমর্থন করছেন না।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বেশ ভাল খেলেছেন ইরানের ফুটবলারেরা। দু’বার পিছিয়ে পড়েও ২-২ ব্যবধানে ড্র করেছেন তাঁরা। মাঠে পাল্লা দিয়ে লড়াই করেছেন যুদ্ধবিধ্বস্ত ইরানের ফুটবলারেরা।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
৩৬ মিনিট আগে
Iran Protest US Iran Conflict
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy