বিশ্ব জুড়ে নতুন এক শট পান করার প্রবণতা তৈরি হয়েছে। হেলি বিবার থেকে জেনিফার লোপেজ়, বিয়ন্সে থেকে কোর্টনি কার্দাশিয়ান— তারকামহলেও এই ঘনীভূত পানীয় নিয়ে হইচই শুরু হয়েছে। তাঁরা নাকি উপকৃত হয়েছেন এই টোটকায়। সম্প্রতি মুম্বইয়ের টেলিভিশনের নায়িকা চহত খন্না জানান, তিনিও নতুন ট্রেন্ডে পা মিলিয়েছেন।
কী সেই ট্রেন্ড?
চহত একটানা ৮ দিন ধরে সকালে উঠে অলিভ অয়েল এবং লেবু মিশিয়ে পান করেছেন। চহতের বক্তব্য, ‘‘নিজেরা এক বার চেষ্টা করে দেখুন, অবিশ্বাস্য ফলাফল পাবেন!’’
কী ভাবে কাজ করে?
চিকিৎসক এবং পুষ্টিবিদেরা বলছেন, অলিভ অয়েল এবং লেবুর রস খেলে অবশ্যই ভিটামিন সি আর অ্যান্টি-অক্সিড্যান্টের পুষ্টি পাবে শরীর। খালি পেটে বা শুধু অলিভ অয়েল (বিশেষ করে এক্সট্রা ভার্জিন) খেলে হজমশক্তি বাড়ে এবং শরীর থেকে দূষিত পদার্থ বার হয়। তা ছাড়া এটি হৃদ্যন্ত্র ভাল রাখে, খারাপ কোলেস্টেরল কমায়, দীর্ঘ ক্ষণ পেট ভরা রেখে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং প্রদাহ কমায়। অন্য দিকে, লেবুর রসের গুণ সম্পর্কে অনেকেই অবগত। নিয়মিত লেবুর রস পান করার অভ্যাস শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিড্যান্টের চমৎকার উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সাহায্য করে। এ ছাড়া লেবুর সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর জমতে বাধা দেয় এবং শরীরে আয়রন শোষণে সাহায্য করে। পাশাপাশি সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেওয়া এবং কোলাজেন উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রেও ভূমিকা পালন করে লেবু।
ফলে এই বিশেষ শট পান করে ত্বক থেকে স্বাস্থ্যরক্ষায় বড়ই সুবিধা পাওয়া যেতে পারে। তবে যাঁদের প্যানক্রিয়াটাইটিস এবং গলব্লাডারে সমস্যা রয়েছে, তাঁরা ঝট করে এই পানীয়ের ভরসা রাখবেন না। অলিভ অয়েলে স্বাস্থ্যকর ফ্যাটের পরিমাণ বেশি হলেও সেই ফ্যাট থেকে কারও কারও শারীরিক জটিলতা বাড়তে পারে। তাই চিকিৎসকের পরামর্শ মেনে তার পর অলিভ অয়েল ও লেবুর যুগলবন্দির উপকারিতা নিতে পারেন।