ঝাঁ-চকচকে সুন্দর সাজানো বাড়িতেও আনাগোনা হতে পারে নেতিবাচক শক্তির। তুচ্ছ কারণে মাঝেমধ্যেই বাড়ির সদস্যদের মধ্যেও ঘটে মনোমালিন্য। আর্থিক বাধা ঘিরে ধরা কিংবা বাড়ির খুদে সদস্যদের হঠাৎ করেই পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ার মতো বিষয়গুলি দুশ্চিন্তা বাড়িয়ে তোলে। এই সমস্ত লক্ষণগুলি দেখে অনুমান করা যায় বাড়িটিকে ঘিরে ধরেছে নেগেটিভ শক্তি। বাস্তুশাস্ত্রে এই ধরনের সমস্যার নানা সমাধান দেওয়া রয়েছে। বিশেষ একটা টোটকা রয়েছে যেটি পালন করলে এর সমাধান করা যেতে পারে।
লবঙ্গ কেবল মশলা হিসাবে নয়, আধ্যাত্মিক এবং বাস্তুশাস্ত্রে নেতিবাচক শক্তি দূর করার জন্য অত্যন্ত শক্তিশালী একটি উপাদান হিসাবে পরিচিত রান্নাঘরের এই বস্তুটি। বাস্তুমতে, লবঙ্গের ধোঁয়া ঘরের পরিবেশকে শুদ্ধ করে এবং প্রশান্তি আনে। আর্থিক ও কর্মজীবন সম্পর্কিত সমস্যা নিয়ন্ত্রণে আনতে লবঙ্গের জুড়ি মেলা ভার। এ ছাড়াও বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করার অন্যতম কার্যকরী উপায় লবঙ্গের ধোঁয়া।
১. ঘরের নেতিবাচকতা দূর করতে
প্রতি দিন সন্ধ্যায় একটি মাটির পাত্র বা ধুনুচিতে প্রথমে কর্পূর নিন। তাতে ফুল-সহ ৫-৭টি লবঙ্গ রাখুন। লবঙ্গগুলি ধীরে ধীরে পুড়বে এবং ধোঁয়া হবে। সেই ধোঁয়া গোটা বাড়িতে ছড়িয়ে দিন। এটি ঘরের কোণে জমে থাকা নেতিবাচক শক্তির বা নজরদোষের প্রভাব দূর করতে সাহায্য করে।
আলো-আঁধারির জায়গাগুলিতে বা যেখানে গেলে ভারাক্রান্ত বোধ হয়, সেই সমস্ত স্থানগুলিতে বিশেষ মনোযোগ দিন। এই লবঙ্গের ধোঁয়া পরিবেশকে বিশুদ্ধ করতে এবং নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে।
২. আর্থিক বাধা কাটাতে
যদি কঠোর পরিশ্রমের পরেও আর্থিক উন্নতি না হয়, তবে প্রতি শুক্রবার রাতে একটি পিতলের পাত্রে ৫টি লবঙ্গ এবং ৩টি এলাচ জ্বালিয়ে দিন। এই সুগন্ধি ধোঁয়া ঘরে ছড়িয়ে দিলে আর্থিক স্থিতিশীলতা আসে এবং পজ়িটিভ শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়।
১১টি লবঙ্গ নিন এবং সেগুলি কর্পূর ও কিছু হলুদ সর্ষের বীজের সঙ্গে পোড়ান। পোড়ানোর সময় এর ধোঁয়া ছড়িয়ে দিন, বিশেষ করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের (দোকান/অফিস) চারপাশে।
বাস্তুদোষ কমাতে:
লবঙ্গের ধোঁয়া বাড়ির সেই সব জায়গায় শক্তির ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে যেখানে বাস্তুদোষের সমস্যা রয়েছে। যেমন, শৌচাগারের কাছের জায়গা বা বাড়ির অন্ধকার কোণ।
কর্পূর ও লবঙ্গ পুড়িয়ে ধোঁয়াটি সেই স্থানে কিছু ক্ষণ থাকতে দিন যেখানে বাস্তুদোষ আছে বলে আপনার সন্দেহ হয়। এর সঙ্গে সামান্য গুগ্গুল যোগ করতে পারেন। বাড়িতে লবঙ্গ পোড়ানো এবং কর্পূরের ধোঁয়া দিলে একটি আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়। এটি অবরুদ্ধ শক্তিকে সচল করতে এবং ত্রুটিপূর্ণ স্থান থেকে নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে।
এই প্রতিকারটি কখন করা উচিত?
এই প্রতিকারটি মাসে অন্তত এক বার করা উচিত। লবঙ্গের ধোঁয়া পরিবারে বিষণ্ণতা এবং মানসিক চাপ কমাতে ফলদায়ী বলে মনে করা হয়।