Advertisement
E-Paper

ঝড়বৃষ্টি ও বজ্রপাতে উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় মৃত ২৪! আহত হয়ে হাসপাতালে ভর্তি ১৫ জন, মৃত্যু বহু গবাদি পশুরও

মৌসম ভবন জানিয়েছে, ১ মে থেকে উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়ে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে। এই সময়ে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে লোকজনকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৭:২১
24 people died in rain and thunderstorm in last 48 hours in UP

—প্রতীকী ছবি।

উত্তরপ্রদেশে গত ৪৮ ঘণ্টায় ঝড়বৃষ্টি এবং বজ্রপাতে ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি ১৬ জন। মৃত্যু হয়েছে ১৬টি গবাদি পশুরও। ঝোড়ো হাওয়ার কারণে অনেক জেলায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। বৃষ্টির কারণে কৃষিজমি ‌এবং ফসলের ক্ষতি হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, ঝড়বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বরাবাঁকি, বালিয়া, বান্দা, মহারাজগঞ্জ, মথুরা, পীলীভীত, রামপুর এবং সোনভদ্রে। ভারী বৃষ্টি হয়েছে ন’টি জেলায়। তার মধ্যে রয়েছে মথুরা, জালৌন, হরদোই, বুলন্দশহর, অরাইয়া, সম্ভল, শাহজাহানপুর, আগরা, আলিগড়, কনৌজ, ললিতপুর, সহারনপুর এবং উন্নাও।

রাজ্য আবহাওয়া দফতর জানিয়েছে, গাজ়িয়াবাদ, নয়ডা, ললিতপুর, আগরা, মথুরায় শিলাবৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২ মে থেকে একটি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হবে। আর তার জেরে গোটা রাজ্যে মেঘলা পরিবেশ থাকবে। সঙ্গে ঝোড়ো হওয়া বইবে। তাপমাত্রাও কিছুটা কমতে পারে। ৩ মে পূর্ব এবং পশ্চিম উত্তরপ্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী ৬ মে পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

মৌসম ভবন জানিয়েছে, ১ মে থেকে উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়ে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে। এই সময়ে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে লোকজনকে। এ ছাড়াও উত্তরাখণ্ড, অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম এবং ওড়িশাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে শুক্রবার সকাল থেকেই বৃষ্টি চলছে। রাজ্যের বেশির ভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ৪০-৬০ কিলোমিটার বেগে ঝড় হবে।

Thunderstorm Death by Electrocution
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy