Advertisement
E-Paper

ঘুমে কাদা মা-বাবা, নয়ডায় খেলতে খেলতে ন’তলার বারান্দা থেকে নীচে পড়ে মৃত্যু পাঁচ বছরের শিশুর

শুক্রবার খুব সকালে ঘুম ভাঙে শিশুর। কিন্তু তখনও তার মা-বাবা ঘুমোচ্ছেন। শিশুটি ঘরে খেলতে খেলতেই বারান্দায় যায়। সেখানে গ্রিলের ফাঁক গলে নীচে পড়ে যায় সে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৬:৩৫
representational image

এই ধরনেরই একটি বহুতলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছে পাঁচ বছরের শিশুটির। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

ন’তলার ব্যালকনি থেকে নীচে পড়ে মৃত্যু হল এক পাঁচ বছরের শিশুর। যে সময় এই ঘটনা ঘটে তখন ঘরে ঘুমোচ্ছেন শিশুর মা-বাবা। ঘটনাটি ঘটেছে নয়ডার হাইড পার্ক সোসাইটি নামের আবাসনে।

শুক্রবার সকাল পৌনে ছ’টা। বেডরুমে মা-বাবা তখনও ঘুমোচ্ছেন। কিন্তু তাঁদের পাঁচ বছরের ছেলের ঘুম ভেঙেছে। আর ঘুম ভাঙতেই ঘরময় ঘুরে ঘুরে খেলে বেড়াচ্ছে সে। সেই সময় শিশুর নজর যায় ব্যালকনির দিকে। সেখানে গ্রিলের উপর থরে থরে সাজানো বাহারি গাছের টব। শিশুসুলভ ঔৎসুক্যে সে এগিয়ে যায় বারান্দার গাছগুলির দিকে। তা করতে গিয়েই গ্রিলের ফাঁক গলে নীচে পড়ে যায় শিশুটি। তখনও ঘরে ঘুমে কাদা মা-বাবা।

আশপাশের চিৎকার-চেঁচামেচিতে ঘুম ভাঙে মা-বাবার। তাঁরা দ্রুত শিশুকে নিয়ে সেক্টর ৭১-এর বেসরকারি হাসপাতালে নিয়ে যায়ন। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

নয়ডার হাইড পার্ক সোসাইটি পড়ে সেক্টর ৭৮-এ। যা সেক্টর ১১৩ থানার অধীনে। ঘটনার খবর পেয়ে চলে আসে পুলিশ। পুলিশের এক মুখপাত্র বলেন, ‘‘পরিবারের সদস্যেরা আমাদের জানিয়েছেন, কখনও কখনও শিশুটির ঘুম আগে ভেঙে যেত। তখন সে ঘরময় ঘুরে বেড়াত। আজও (শুক্রবার) তেমনই হয়েছিল। ব্যালকনিতে রাখা বাহারি গাছ দেখতে যেতেই গ্রিলের ফাঁক গলে নীচে পড়ে যায় সে।’’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

child Death Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy