Advertisement
E-Paper

তৃণমূলের ২০ সাংসদকে পাশে পাওয়ায় লোকসভায় এনডিএ ৩০০ পেরোল, আর কত দূরে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা?

বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বর্তমানে লোকসভায় ২৯২ জন সাংসদ রয়েছেন। তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদের সমর্থনে তা পৌঁছে যাচ্ছে ৩১২-য়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ২২:৩৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তৃণমূলের ২০ সাংসদের বিদ্রোহ এবং শিবির বদলের জেরে লোকসভায় ৩০০ পেরিয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। কিন্তু আগামী মাস থেকে শুরু হওয়া সংসদের বাদল অধিবেশনে লোকসভার আসন পুনর্বিন্যাস বিল বা ‘এক দেশ, এক ভোট’ বিল পাশের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বর্তমানে লোকসভায় ২৯২ জন সাংসদ রয়েছেন। তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ যোগ দেওয়ায় তা পৌঁছে যাচ্ছে ৩১২-য়। কিন্তু আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ চালু বা ‘এক দেশ, এক ভোট’-এর মতো সংবিধান সংশোধন বিল পাশের জন্য দুই-তৃতীয়াংশ (৬৬.৬৭ শতাংশ) সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ৫৪৩ সদস্যের লোকসভায় এই সংখ্যা সাধারণত ৩৬২-এর ঘরে দাঁড়ায়। বর্তমানে বসিরহাট-সহ তিনটি আসন খালি থাকায় তা দাঁড়িয়েছে ৩৬১-তে। এই পরিস্থিতিতে সদ্য ‘ইন্ডিয়া’-ছুট ডিএমকে-র ২২ সাংসদকে পাশে পেলে ৩৩৪-এ দাঁড়াবে এনডিএ। কিন্তু তাতেও ‘লক্ষ্যপূরণ’ হচ্ছে না।

বিজেপির সূত্র উদ্ধৃত করে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন জানাচ্ছে, এই পরিস্থিতিতে উদ্ধব ঠাকরেপন্থী শিবসেনা (ইউবিটি)-র ৮, শরদ পওয়ার অনুগামী এনসিপি(এস)-র ৮, ওয়াইএসআর কংগ্রেসের ৪, শিরোমণি অকালি দলের ১, অকালি দল (ডব্লিউপিডি)-র ২, জ়োরাম পিপলস মুভমেন্টের ১ সাংসদের দিকে ‘নজর’ রয়েছে অমিত শাহদের।

সূত্রের খবর, সোমবার দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠকে কাকলি, শতাব্দীর পাশাপাশি ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত মাল, বাপি হালদার, জুন মালিয়া, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী, পার্থ ভৌমিক, শর্মিলা সরকারেরা। বিদ্রোহীদের তালিকায় ইউসুফ পঠান, রচনা বন্দ্যোপাধ্যায়, দেবের নামও ভেসে এসেছে ইতিমধ্যেই। সে ক্ষেত্রে আরও কিছুটা স্বস্তি মিলবে এনডিএ শিবিরের।


সংক্ষেপে
  • বিধানসভার পরে লোকসভাতেও তৃণমূল হাতছাড়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  • লোকসভার ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জনই মমতাকে ছেড়ে যোগ দিলেন বিদ্রোহী শিবিরে।
  • জোড়াফুলের এই ২০ সাংসদ এর পর যোগ দিতে চাইছেন কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন শাসকজোট এনডিএ-তে।
NDA BJP Lok Sabha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy