Advertisement
E-Paper

তামিলভূমে ‘নম্বর গেম’! সরকার গঠনে কার হাত ধরবেন ‘থলপতি’ বিজয়? ছোট দলের পাশাপাশি যোগাযোগ এডিএমকে-র সঙ্গেও

ফল ঘোষণার পর সংখ্যার সমীকরণ নিয়ে খেলা শুরু হয়ে গিয়েছে তামিল রাজনীতিতে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। টিভিকে মোট আসন পেয়েছে ১০৮।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৩:৪১
সংখ্যার গেরোয় থলপতি বিজয়। সরকার গঠনে কার হাত ধরবেন তিনি? ফাইল চিত্র।

সংখ্যার গেরোয় থলপতি বিজয়। সরকার গঠনে কার হাত ধরবেন তিনি? ফাইল চিত্র।

সরকার গঠনে তাঁর দরকার মাত্র ১০ আসন। আর এখানেই শুরু হয়েছে সংখ্যার খেলা। সরকার গঠন করতে কার হাত ধরবেন তামিল সুপারস্টার তথা তামিলাগা ভেট্টি কাজ়গম (টিভিকে)-এর সুপ্রিমো থলপতি বিজয়? কংগ্রেস আগেই জানিয়ে দিয়েছে যে, টিভিকে-কে সমর্থন করতে রাজি তারা। তবে শর্তসাপেক্ষে। কংগ্রেসের ঝুলিতে রয়েছে পাঁচটি আসন। কিন্তু তাতেও ‘ম্যাজিক ফিগার’ ছুঁতে পারবেন না বিজয়। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। টিভিকে মোট আসন পেয়েছে ১০৮। তবে ত্রিচি পূর্বের আসন থেকে বিজয় ইস্তফা দিলে, টিভিকে-র আসন সংখ্যা হবে ১০৭।

ফল ঘোষণার পর সংখ্যার সমীকরণ নিয়ে খেলা শুরু হয়ে গিয়েছে তামিল রাজনীতিতে। কিন্তু সেই খেলার ‘মধ্যমণি’ এখন টিভিকে। তার সঙ্গে জোট বাঁধতে চাইছে কংগ্রেস এবং ছোট ছোট দলগুলিও। সূত্রের খবর, তাঁদের সঙ্গে যোগাযোগও রেখেছে বিজয়ের দল। কিন্তু এই সংখ্যার খেলায় এ বার ঝাঁপ দিল এডিএমকেও। প্রসঙ্গত, এ বারের নির্বাচনে ৪৭টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে তারা। ডিএমকে পেয়েছে ৫৯টি।

সূত্রের খবর, ইতিমধ্যেই এডিএমকে-র শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন টিভিকে-র নেতারা। যখন সংখ্যাতত্ত্ব নিয়ে তামিল রাজনীতিতে একটা টানাপড়েন শুরু হয়েছে, টিভিকে-কে সমর্থন করা নিয়ে এডিএমকে-র মধ্যেও একটা চাপানউতর শুরু হয়। দলেরই বেশ কিছু বিধায়ক টিভিকে-কে সমর্থনের বিষয়ে প্রশ্ন তোলেন। সূত্রের খবর, এডিএমকে-র যে বিধায়কেরা টিভিকে-কে সমর্থন দিতে চাইছেন, তাঁরা দলের সাধারণ সম্পাদক ই পলানিস্বামীর নেতৃত্বে ‘সন্তুষ্ট’ নন। ফলে দলের অন্দরেই দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছেন বিধায়কেরা। সূত্রের খবর, তার পরই বিজয়কে সমর্থন দেওয়ার ব্যাপারে একপ্রকার রাজি হয়েছেন শীর্ষ নেতৃত্ব। এমনকি টিভিকে-র তরফেও এডিএমকে-র সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে সূত্রের খবর।

কাজেই তামিলভূমের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সে দিকে তাকিয়ে গোটা দেশ। প্রসঙ্গত, এ বার তামিলনাড়ুর নির্বাচনে অপ্রত্যাশিত ফল করেছে বিজয়ের দল। জানা গিয়েছে, কংগ্রেস ছাড়াও পিএমকে, বাম দল, আইইউএমএল-এর মতো ছোট দলগুলির সঙ্গে কথা বলেছেন টিভিকে নেতৃত্ব। কিন্তু সেই সমীকরণের খেলা ঘোরাতে ময়দানে নামল এডিএমকেও। তবে পাকাপাকি ভাবে এডিএমকে-র সঙ্গে হাত মিলিয়ে বিজয় সরকার গড়বেন, না কি এই সমীকরণের ‘কারিগর’ হবে অন্য কেউ, তা এখন দেখার বিষয়। যদিও এডিএমকে-র মুখপাত্র কোভাই সত্যন বলেন, ‘‘বিজয়ের কোর্টে বল। এখন তিনিই ঠিক করবেন নিজের স্বপ্ন পূরণ করতে আমাদের সঙ্গে হাত মেলাবেন কি না।’’

Tamil Nadu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy