Advertisement
E-Paper

ইরফান হাবিবকে লক্ষ্য করে ছোড়া হল জলভর্তি বালতি ও ডাস্টবিন! দিল্লি বিশ্ববিদ্যালয়ে হেনস্থার শিকার নবতিপর ইতিহাসবিদ

আইসার দাবি, এমন ন্যক্কারজনক ঘটনার নেপথ্যে রয়েছে এবিভিপি। তাদের কয়েক জন সদস্য অনুষ্ঠান ভন্ডুল করার জন্য এই পন্থা নিয়েছিলেন। যদিও এবিভিপি ওই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৯
AISA alleges disruption of DU event featuring Historian Irfan Habib, ABVP calls charges baseless

বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ভবনের সামনে বক্তৃতা করছেন ইতিহাসবিদ ইরফান হাবিব। ছবি: সংগৃহীত।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির আক্রমণের মুখে পড়লেন ইতিহাসবিদ ইরফান হাবিব। ৯৪ বছর বয়সি ইরফানের বক্তৃতার মাঝে জলভর্তি বালতি ছুড়ে দেওয়া হয় বলে অভিযোগ। পর ক্ষণে একটি ডাস্টবিনও ছোড়া হয়। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ভবনের সামনে ছিলেন ইরফান। বাম ছাত্র সংগঠন আইসা-র উদ্যোগে ‘সমতা দিবস’ উপলক্ষে পিপল্‌‌স লিটারেচার ফেস্টিভ্যালে আমন্ত্রিত ছিলেন প্রবীণ ইতিহাসবিদ। কয়েক মিনিট তিনি বক্তৃতা করেছেন। হঠাৎ শুরু হয় বিশৃঙ্খলা। হাবিবের কথায়, ‘‘ছাত্র-ছাত্রীদের সামনে কিছু বলার জন্য আমায় ডাকা হয়েছিল। প্রায় ২০০ শিক্ষার্থী ছিলেন। প্রায় ২০ মিনিট বলেছি, সেই সময় পিছনের পাঁচিল থেকে আমার দিকে বালতিভর্তি জল ছুড়ে দেন কেউ। কয়েক সেকেন্ডের জন্য অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। তবে তার পরে আবার আমি বলেছি।’’ তিনি আরও বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় হল সেই জায়গা, যেখানে নানা মতামত আসবে। সমালোচনা হতে পারে। কিন্তু সমস্ত মতামতকেই সম্মান জানানো উচিত।’’ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বালতি-সহ জল ছোড়া হয়েছিল হাবিবের দিকে। বালতিটি কিছুটা দূরে গিয়ে পড়ে। কিন্তু প্রবীণ ইতিহাসবিদের গা ভিজে যায়।

আইসার দাবি, এমন ন্যক্কারজনক ঘটনার নেপথ্যে রয়েছে এবিভিপি (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ)। তাদের কয়েক জন সদস্য অনুষ্ঠান ভন্ডুল করার জন্য এই পন্থা নিয়েছিলেন। যদিও এবিভিপি ওই অভিযোগ নস্যাৎ করেছে। সংগঠনের দিল্লি রাজ্য সম্পাদক সার্থক শর্মা বলেন, ‘‘আমাদের সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। এই অভিযোগ ভিত্তিহীন এবং ভুয়ো। বাম সংগঠন মানেই ভুয়ো খবর ছড়ানোর ওস্তাদ।’’

অন্য দিকে, আইসা জানিয়েছে, এই ঘটনার প্রতিবাদে তারা আরও একটি অনুষ্ঠানের আয়োজন করছে। হাবিবের উপর এই আক্রমণের নিন্দা করেছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টেরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাছেন, লিখিত ভাবে কোনও অভিযোগ তাঁরা পাননি। হাবিব বলেন, ‘‘এ সবের পরেও লড়াই চালিয়ে যেতে হবে।’’ উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ‘সমতা দিবস’-এর অনুষ্ঠানে দুই বছর আগেও উপস্থিত ছিলেন হাবিব।

Irfan Habib Historian delhi university AISA ABVP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy