Advertisement
E-Paper

জাতীয় সড়কে ট্রাকে ধাক্কা! চিঁড়েচ্যাপ্টা গাড়ি, রক্তে ভাসলেন আরোহীরা, দরজা ভেঙে উদ্ধার চার, ভিডিয়ো প্রকাশ্যে

বারাণসী থেকে দিল্লি যাওয়ার পথে গাড়ি চালাতে গিয়ে একটি ভয়াবহ দুর্ঘটনা প্রত্যক্ষ করার কথা জানিয়েছেন এক আইনজীবী। একটি গাড়ি ট্রাকে গিয়ে ধাক্কা মারার পর গাড়িটি দুমড়েমুচড়ে পড়েছিল। তিনি গাড়ি থামিয়ে আরোহীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান বলে এক্স পোস্টে দাবি করেছেন ওই আইনজীবী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৩:৪৭

ছবি: সংগৃহীত।

জাতীয় সড়কে চাকা ফেটে একটি ট্রাককে ধাক্কা মারল ছোট চারচাকা। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটির ভেতরে চার জন যাত্রী আটকে পড়েন। আহত যাত্রীদের উদ্ধার করতে লোহার রড দিয়ে দরজা ভেঙে দেন অন্য এক গাড়ির চালক। জাতীয় সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছোন। গাড়িতে আরোহীদের আটকে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তিনি দরজা ভেঙে এক বৃদ্ধাকে উদ্ধার করেন। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ঘটনাটি এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আদিদেও কুমার। তিনি বারাণসী থেকে দিল্লি যাওয়ার পথে গাড়ি চালাতে গিয়ে একটি ভয়াবহ দুর্ঘটনা প্রত্যক্ষ করার কথা জানিয়েছেন। এক্সে ভিডিয়োগুলি পোস্ট করে তিনি লেখেন, ‘‘গঙ্গা এক্সপ্রেসওয়ে ধরে বারাণসী থেকে দিল্লি যাওয়ার পথে আমি এমন এক দৃশ্য দেখলাম যা আমি কখনও ভুলব না।’’ ভিডিয়োয় দেখা গিয়েছে গাড়িটি থেকে আহতদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সামনের দরজাটি যখন কিছুতেই খুলছিল না, তখন তিনি এবং আশপাশে থাকা অন্যরা মিলে উইন্ডশিল্ডটি ভেঙে বাকি যাত্রীদের নিরাপদে বার করে আনেন।

সেই দৃশ্য স্মরণ করে আদিদেও লিখেছেন, “সবাই রক্তে ভেজা ছিল। এমন দৃশ্য কারওরই দেখা উচিত নয়।” পঞ্চাশোর্ধ্ব এক দম্পতি এবং কয়েক জন পথচারীও তাঁকে সাহায্যের জন্য থেমেছিলেন। অ্যাম্বুল্যান্স আসার আগে তাঁরা একসঙ্গে আহতদের উদ্ধারের কাজ করেন। অ্যাম্বুল্যান্স আসতে দেরি হওয়ায় তিনি আহতদের আমার গাড়িতে তুলে নেন বলে জানান। পরে পথে অ্যাম্বুল্যান্সের দেখা পাওয়ার পর তাঁদের সেখানে তুলে দেন।

ভিডিয়ো ‘আদিভক্ত’ নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করার পর তা বহু মানুষের নজর কেড়েছে। সাড়ে ছ’হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। দুর্ঘটনায় আহতদের দেখে পাশ কাটিয়ে না চলে গিয়ে তাঁদের প্রাণ বাঁচানোর জন্য আইনজীবীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। অনেকেই তাঁকে বাস্তব জীবনের নায়ক বলে উল্লেখ করেছেন।

Delhi Car Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy