Advertisement
E-Paper

দিল্লির এআই সম্মেলনে বক্তৃতা করছেন না গেট্‌স! কারণ ব্যাখ্যা করে জানিয়ে দিল তাঁরই সংস্থা, নেপথ্যে কি সেই এপস্টিন-বিতর্ক

বৃহস্পতিবার নয়াদিল্লির এআই সম্মেলনে একটি বিষয় নিয়ে বক্তৃতা করার কথা ছিল বিল গেট্‌সের। কিন্তু তিনি বক্তৃতা করছেন না। তাঁর পরিবর্তে গেট্‌স ফাউন্ডেশন-এর প্রতিনিধিত্ব করবেন অঙ্কুর ভোরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৩
বিল গেট্‌স।

বিল গেট্‌স। —ফাইল চিত্র।

জল্পনার অবসান! নয়াদিল্লির কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সম্মেলন (এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬)-এ বক্তৃতা করছেন না মাইক্রোসফ্‌ট-প্রতিষ্ঠাতা বিল গেট্‌স। বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে আনুষ্ঠানিক ভাবে তা জানিয়ে দিল ‘গেট্‌স ফাউন্ডেশন’। গেট্‌স এখন এই সমাজসেবী সংস্থার প্রধান।

বৃহস্পতিবার নয়াদিল্লির এআই সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তৃতা করার কথা ছিল গেট্‌সের। কিন্তু তিনি বক্তৃতা করছেন না। তাঁর পরিবর্তে গেট্‌স ফাউন্ডেশন-এর প্রতিনিধিত্ব করবেন সংস্থার আফ্রিকা এবং ভারতের দফতরগুলির প্রধান অঙ্কুর ভোরা। বৃহস্পতিবার বিকেলের দিকে তাঁর বক্তৃতা করার কথা রয়েছে।

সমাজমাধ্যমের পোস্টে গেট্‌স ফাউন্ডেশন-এর তরফে লেখা হয়েছে, “সযত্নে ভাবনাচিন্তা করে এবং এআই সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে মিস্টার গেট্‌স স্বাগতভাষণ দিচ্ছেন না।” একই সঙ্গে ওই পোস্টে লেখা হয়েছে, “গেট্‌স ফাউন্ডেশন ভারতে স্বাস্থ্য এবং উন্নয়নমূলক লক্ষ্যে কাজ এগিয়ে নিয়ে যেতে দায়বদ্ধ।”

গেট্‌সকে নিয়ে বিতর্কের সূত্রপাত গত মঙ্গলবার। ওই দিন দেশের একাধিক সংবাদমাধ্যম সূত্র উদ্ধৃত করে জানিয়েছিল যে, এআই সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানানোর বিষয়টি পুনর্বিবেচনা করে দেখছে নয়াদিল্লি। একটি সংবাদমাধ্যমের তরফে আবার দাবি করা হয়, মঙ্গলবার দুপুরে সম্মেলনে গুরুত্বপূর্ণ আমন্ত্রিতদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে নাম নেই গেট্‌সের। তার কিছু ক্ষণ পরেই গেট্‌স ফাউন্ডেশনের এক মুখপাত্র ‘হিন্দুস্তান টাইম্‌স’-কে বলেন, “বিল গেট্‌স ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ যোগ দিচ্ছেন। উনি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বক্তৃতাও করবেন।”

এআই সম্মেলনে গেট্‌স-এর বক্তৃতা না-করার সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করা না-হলেও মনে করা হচ্ছে এর নেপথ্যে রয়েছে এপস্টিন ফাইল সংক্রান্ত বিতর্ক। সদ্যপ্রকাশিত এপস্টিন ফাইলের মধ্যে রয়েছে বেশ কিছু ইমেলও। সেখানে গেট্‌স এবং কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের মধ্যে বন্ধুত্বের ‘প্রমাণ’ মিলেছে বলে দাবি করা হয়েছে। নিজেই নিজেকে এই ইমেলগুলি করেছিলেন এপস্টিন। সেই রকমই একটি ইমেলে দাবি করা হয়েছে, রুশ মহিলাদের শয্যাসঙ্গী হওয়ার পর যৌনরোগে আক্রান্ত হয়েছিলেন গেট্‌স। তার পর নাকি তিনি গোপনে স্ত্রী মিলিন্দা গেট্‌সকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে চেয়েছিলেন! এপস্টিন ফাইলে তাঁর নাম প্রকাশিত হতেই সমাজমাধ্যমে মাইক্রোসফ্‌ট-এর প্রতিষ্ঠাতাকে নিয়ে সমালোচনা শুরু হয়। যদিও এই সমস্ত দাবি খারিজ করে দেন গেট্‌স।

সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এপস্টিনের সঙ্গে তাঁর পরিচয় এবং সাক্ষাতের কথা স্বীকার করে নেন গেট্‌স। তবে মহিলাসঙ্গের কথা অস্বীকার করেন। এপস্টিন সম্পর্কে তিনি বলেন, ‘‘ওঁর সঙ্গে কাটানো প্রত্যেকটি মিনিটের জন্য আমি অনুতপ্ত। আমি দুঃখিত।’’

এআই সম্মেলনে গেট্‌সকে আমন্ত্রণ জানানোর বিষয়টি ভারত সত্যিই পুনর্বিবেচনা করে দেখেছিল কি না, সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে কেন্দ্রের একটি সূত্রকে উদ্ধৃত করে মঙ্গলবার বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, যৌন অপরাধী জেফ্রি এপস্টিন এবং তাঁর ঘনিষ্ঠদের দ্বারা অত্যাচারিতদের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই নাকি দিল্লি গেট্‌সকে আমন্ত্রণ জানানোর বিষয়টি পুনর্বিবেচনা করে দেখছিল। যদিও মঙ্গলবারই এই সংক্রান্ত খবর উড়িয়ে দেয় গেট্‌সের সংস্থা।

এআই সম্মেলনে যোগ দিতে সোমবারই ভারতে এসেছিলেন গেট্‌স। ওই দিন তিনি অন্ধ্রপ্রদেশে যান। পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে বৈঠক করেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এবং সে রাজ্যের মন্ত্রী তথা চন্দ্রবাবুর পুত্র নারা লোকেশের সঙ্গে। বৃহস্পতিবার তাঁর দিল্লির এআই সম্মেলনে অন্য গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বক্তৃতা করার কথা ছিল।

AI Gates Foundation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy