Advertisement
E-Paper

শিবাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে দুর্ঘটনা! হুড়োহুড়ি, ধাক্কায় পদপিষ্টের পরিস্থিতি পুণের শিবনেরী দুর্গে, আহত অনেকে

বুধবার বিকেল থেকেই ভিড় বাড়তে শুরু করেছিল মহারাষ্ট্রের পুণের শিবনেরী দুর্গে। সন্ধ্যাবেলায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভিড়। দুর্গের হাতি দরজা এবং গণেশ দরজা দিয়ে লোকজন প্রবেশ করছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৩
শিবনেরী দুর্গে উপচে পড়া ভিড়। ছবি: সংগৃহীত।

শিবনেরী দুর্গে উপচে পড়া ভিড়। ছবি: সংগৃহীত।

ছত্রপতি শিবাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে পদপিষ্টের মতো পরিস্থিতি সৃষ্টি হল। এই অনুষ্ঠান উপলক্ষে মহারাষ্ট্রের পুণের জুন্নর এলাকায় শিবনেরী দুর্গে কয়েক হাজার মানুষ হাজির হয়েছিলেন। দুর্গে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে অনেকে যোগ দিতে এসেছিলেন। অনেকে আবার সেই অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন।

জানা গিয়েছে, বিকেল থেকেই ভিড় বাড়তে শুরু করেছিল। সন্ধ্যাবেলায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই ভিড়। দুর্গের হাতি দরজা এবং গণেশ দরজা দিয়ে লোকজন প্রবেশ করছিলেন। তবে এই দুই দরজার প্রবেশপথ সঙ্কীর্ণ হওয়ায় পরিস্থিতি আরও বিগড়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অনেকেই দুর্গে প্রবেশের জন্য তাড়াহুড়ো করতে থাকেন। ফলে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। আর সেই ধাক্কাধাক্কির জেরে অনেকেই ভিড়ের মধ্যে পড়ে যান। তাঁদের মধ্যে বেশির ভাগই মহিলা এবং শিশু।

পুলিশ সূত্রে খবর, পদপিষ্টের জেরে ২০ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে জুন্নর সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শিবাজি জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছর শিবনেরী দুর্গে বিপুল জনসমাগম হয়। তবে উদ্যোক্তাদের দাবি, অন্য বছরের তুলনায় এই বছর ভিড় অনেক বেশি হয়েছিল। প্রত্যাশার বাইরে ভিড় হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় নিরাপত্তাকর্মীদের। এক প্রত্যক্ষদর্শীর দাবি, লাইন ধীরে ধীরেই এগোচ্ছিল। আচমকাই হুড়োহুড়ি পড়ে যায়। একসঙ্গে অনেকে দুর্গের ভিতরে প্রবেশের চেষ্টা করতেই বিপত্তি বাধে। তবে কী কারণে হুড়োহুড়ি হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। শিবনেরী দুর্গে যেতে হলে সিঁড়ি ভেঙে উঠতে হয়। দুর্গে প্রবেশের জন্য সাতটি দরজা আছে। প্রতিটি দরজার আলাদা আলাদা নাম। গণেশ দরজা এবং হাতি দরজাতেই ভিড় বেশি ছিল বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

Shivaji
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy