Advertisement
E-Paper

মুম্বইয়ের কাছে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল বিএমডব্লিউ! জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত ২

পুলিশ, আপাতত দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন কি না, তা-ও তদন্তের আওতায় রাখা হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ২০:৪৮

— প্রতীকী চিত্র।

জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে বিএমডব্লিউ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে মুম্বই সংলগ্ন বদলাপুরে মুম্বই-বদোদরা হাইওয়েতে। গাড়িতে সেই সময় তিন জন ছিলেন। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। তৃতীয় জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, গাড়িটি মুম্বই-বদোদরা হাইওয়ে ধরে তিতওয়ালা থেকে বদলাপুরের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়িটি বেশ দ্রুত গতিতেই চলছিল। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় বিএমডব্লিউটি। গাড়িটি এতটাই জোরে ধাক্কা মারে ডিভাইডারে যে তার অভিঘাতে সম্পূর্ণ দুমড়ে যায়। গাড়ির যন্ত্রাংশগুলিও রাস্তার উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

গাড়িটিতে সেই সময় তিন জন ছিলেন। যোগেশ দিঘে, রিকেবা জাকপ এবং আনন্দ। তিন জনই বদলাপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, একটি জন্মদিনের পার্টি থেকে ফিরছিলেন তাঁরা। দুর্ঘটনার পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় যোগেশ এবং রিকেবার। আনন্দকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুর্ঘটনার পরে নিহতদের দেহের টুকরোও রাস্তার উপরে কয়েক মিটার দূরে ছিটকে গিয়ে পড়েছিল।

বদলাপুর থানার স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, আপাতত দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন কি না, তা-ও তদন্তের আওতায় রাখা হচ্ছে। ফরেনসিক বিশেষজ্ঞেরা ইতিমধ্যে দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে দিল্লিতে বিএমডব্লিউর ধাক্কায় মৃত্যু হয়েছিল অর্থ মন্ত্রকের এক আমলার। তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে।

Mumbai Road Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy