E-Paper

এসআইআরে বাদ পড়াদের মিলবে না সুবিধা: দিলীপ

আগামী ১ জুলাই থেকে গোটা দেশে ভিবি জি রাম জি আইন কার্যকর হতে চলেছে। এই আবহে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ সম্মেলনে যোগ দিতে দিল্লি এসেছিলেন দিলীপ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ০৯:১২
পশ্চিবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

পশ্চিবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। ফাইল চিত্র।

ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর)-এর ফলে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা আগামী দিনে ভিবি জিরাম জি, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো সরকারি প্রকল্পগুলির সুবিধা পাবেন না বলে আজ দিল্লিতে জানালেন পশ্চিবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

আগামী ১ জুলাই থেকে গোটা দেশে ভিবি জি রাম জি আইন কার্যকর হতে চলেছে। এই আবহে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ সম্মেলনে যোগ দিতে দিল্লি এসেছিলেন দিলীপ। বৈঠকের শেষে তিনি বলেন, ‘‘নতুন ওই আইন চালুর আগে আগামী এক-দু’দিনের মধ্যে নোটিফিকেশন জারি করা হয়ে যাবে।’’ পশ্চিমবঙ্গে এসআইআরের চূড়ান্ত তালিকায় বহু নাম বাদ গিয়েছে। দিলীপের কথায়, ‘‘এসআইআরের তালিকায় কয়েক লক্ষ লোকের নাম বাদ গিয়েছে। এঁরা আমাদের দেশের লোক নন। কিন্তু ওই ব্যক্তিদের নাম বিভিন্ন তালিকায় রয়ে যাওয়ায় এত দিন সরকারি সুবিধা পেয়ে এসেছেন। তাঁদের নাম বাদ দিতে হবে। এটা বড় কাজ। এসআইআরে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা ভিবি জিরাম জি বা আবাস যোজনার সরকারি সুবিধা পাবেন না। তবে পরে যদি নাম যোগ হয় তখন অবশ্যই সুবিধা পাবেন।’’

বিরোধীদের মতে, অতীতের একশো দিনের কাজের যাবতীয় খরচ মেটাত কেন্দ্র। কিন্তু ভিবি জিরাম জি প্রকল্পে বলা হয়েছে, মোট খরচের ৪০ শতাংশ বহন করতে হবে রাজ্যকে। ফলে ওই প্রকল্প চালু হলে রাজ্যের কোষাগারের উপর চাপ বাড়তে চলেছে বলে কেবল বিরোধীরাই নয়, বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলি সরব হয়েছে বলে গত কাল দাবি করেন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ জয়রাম রমেশ। ওই শর্ত যোগ হওয়ায় খরচ বাড়লেও, রাজ্যের ক্ষেত্রে টাকার সমস্যা হবে না বলে মত দিলীপের। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গ সরকারকে বাজেটে কেন্দ্র প্রায় ৫১ হাজার কোটি টাকা দিয়ে সাহায্য করেছে। এ ছাড়া অনেক স্কিম ও স্পেশাল ফান্ড থেকে অর্থ পাওয়া যাবে। তাই টাকার সমস্যা হবে না।’’ সূত্রের মতে, অতীতে কেন্দ্র টাকা বন্ধ করায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের টাকায় একশো দিনের কাজের ধাঁচে প্রকল্প শুরু করেছিলেন। গোটা টাকাটাই দিতে হত রাজ্যকে। এখন সে ক্ষেত্রে ষাট শতাংশ অর্থ কেন্দ্রের কাছ থেকে পাবে রাজ্য।

যে ভাবে রাজ্যগুলির সঙ্গে আলোচনা না করে ভিবি জিরাম জি বিল আনা হয়েছে তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে আজ সম্মেলনে সরব হন ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী। তিনি বলেন, ‘‘আগের বকেয়া পড়ে রয়েছে। তা পাওয়ার আগেই নতুন প্রকল্প চালু হয়ে যাচ্ছে।’’ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ বলেন, ‘‘নির্দিষ্ট কাগজ জমা দিলেই বকেয়া অর্থ দেওয়া হবে।’’ তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গের যে টাকা কেন্দ্রের কাছে বকেয়া ছিল তা নিয়ে দিলীপ বলেন, ‘‘গত মাসে ৫০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। আগে আরও কিছু অর্থ ছেড়েছিল। ধাপে ধাপে টাকা ছাড়া হচ্ছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Pradhan Mantri Awas Yojana

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy