আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় তিনটি প্রদেশে পাকিস্তানি হামলার নিন্দা করল ভারত। নয়াদিল্লির মতে, এই হামলা আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর নির্লজ্জ আঘাত। সরাসরি পাকিস্তানকে কাঠগড়ায় তুলে সমালোচনাও করল ভারত।
সোমবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতি জারি করে আফগানিস্তানে বিমান হামলার প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। এর জন্য পাকিস্তানকে দায়ী করেছে নয়াদিল্লি। বিবৃতিতে দাবি, এই হামলা শুধু আফগানিস্তানের ভূখণ্ডের অখণ্ডতাকে ক্ষুণ্ণ করেনি, বরং সমগ্র অঞ্চলের শান্তির জন্য হুমকির সৃষ্টি করেছে। নয়াদিল্লির আরও দাবি, পাকিস্তান তার সীমান্তের বাইরে সামরিক অভিযান চালিয়ে নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত সঙ্কট থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পাকিস্তানের ধারাবাহিক বেপরোয়া আচরণের সর্বশেষ নিদর্শন এই হামলা।’’
করাচির আধাসেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় তিন পাক জওয়ানের মৃত্যু হয়। হামলাকারী তিন জঙ্গিরও মৃত্যু হয় ঘটনাস্থলেই। এক জনকে গ্রেফতার করা হয়েছে। সেই হামলার ঘটনায় দায় স্বীকার করেছিল টিটিপি-র ছায়াগোষ্ঠী জামাত-উল-আহরার। তার পরই আফগানিস্তানে অভিযান শুরু করে পাক সেনা। পাকিস্তানের দাবি, রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুপরিকল্পিত ভাবে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। নিশানায় ছিল জঙ্গিদের ঘাঁটি। তবে এই অভিযানে ৩৬ জন সাধারণ নাগরিক নিহত এবং ১৬৩ জন আহত হয়েছেন। সেই ঘটনার প্রতিবাদ জানাল ভারত।
আরও পড়ুন:
শনিবার করাচিতে হামলার সঙ্গে ভারতের যোগ আছে বলে আগেই দাবি করেছিল পাকিস্তান। তবে তার সপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি তারা। রবিবার পাক দাবি উড়িয়ে তাদের আত্মবিশ্লেষণের পরামর্শ দিয়েছিল ভারত। রাতে আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান।