E-Paper

হরদীপের ইস্তফার দাবি

সংসদ ভবনের মকর দ্বারের সামনে বিরোধীরা হরদীপের ইস্তফা চেয়ে বিক্ষোভ দেখান। বিরোধীদের হাতে বিশাল ব্যানারে ছিল মোদী, হরদীপ ও এপস্টিনের ছবি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৩
হরদীপ সিংহ পুরীর পদত্যাগের দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভে রাহুল গান্ধী।

হরদীপ সিংহ পুরীর পদত্যাগের দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভে রাহুল গান্ধী। ছবি: পিটিআই।

এপস্টিন ফাইলে নাম থাকায় এ বার নরেন্দ্র মোদী সরকারের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরীর পদত্যাগ চেয়ে সরব হল কংগ্রেস-সহ বিরোধী শিবির।এপস্টিন ফাইলে পুরীর নাম নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরব হয়েছিলেন। পাল্টা আক্রমণে গেলেও পুরী মেনে নিয়েছিলেন, তিনি যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তিন-চার বার দেখা করেছিলেন।

আজ সংসদ ভবনের মকর দ্বারের সামনে বিরোধীরা হরদীপের ইস্তফা চেয়ে বিক্ষোভ দেখান। বিরোধীদের হাতে বিশাল ব্যানারে ছিল মোদী, হরদীপ ও এপস্টিনের ছবি। লোকসভাতেও কংগ্রেস এ নিয়ে শোরগোল করে। ফলে বাজেট অধিবেশনের প্রথমার্ধের শেষ দিন বেলা ১২টাতেই লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে গিয়েছে। কংগ্রেসের কটাক্ষ, এপস্টিন ফাইলের আতঙ্কে প্রধানমন্ত্রী মোদীর এখন ‘থর থর মোদী’ দশা!

সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ এপস্টিন মামলার একগুচ্ছ নথি প্রকাশ করেছে। যাতে দেখা যাচ্ছে, ২০১৪ থেকে ২০১৫-এর মধ্যে পুরীর সঙ্গে এপস্টিনের ই-মেল চালাচালি হয়েছিল। ২০১৩ পর্যন্ত নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি হিসেবে কর্মরত পুরী সে সময় ‘ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট’-এ কাজ করতেন। মোদী ক্ষমতায় আসার পরে ২০১৭-তে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়। নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে ২০০৮-এ এপস্টিন দোষী সাব্যস্ত হওয়ার পরেও এ নিয়ে তাঁর মনে সংশয় ছিল বলে স্বীকার করেছেন প্রাক্তন আইএফএস পুরী।

কংগ্রেস নেতা পবন খেরা আজ বলেন, এপস্টিন দোষ স্বীকারের পরেও পুরীর মনে সংশয় ছিল! তাঁর প্রশ্ন, ‘‘২০১৫ থেকে মোদী সরকারের চালু করা ডিজিটাল ইন্ডিয়ার খবর কী ভাবে আগেই এপস্টিন জেনে ফেলেছিলেন? কার নির্দেশে পুরী এপস্টিনের সঙ্গে দেখা করতে যেতেন? কেন ভোটে না জিতলেও সংসদে আসার আগেই তাঁকে মোদী সরকারের মন্ত্রী করা হল? কেন গোটা বিষয়ে প্রধানমন্ত্রী চুপ? কেন পুরীকে পদত্যাগ করতে বলা হচ্ছে না?” বিজেপি মনে করছে, পুরীকে পদত্যাগ করতে বললে ভবিষ্যতে বিপদ হতে পারে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Hardeep Singh Puri Congress BJP Epstein Files

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy