Advertisement
E-Paper

মোদী মুখ ঢাকলেন ‘গামছা’য়

বিরোধীরা তখন কটাক্ষ করেছিলেন, মোদী সরকার যথেষ্ট মাস্কের ব্যবস্থা করতে পারছে না। সেই ব্যর্থতা ঢাকতে প্রধানমন্ত্রী গামছায় মুখ ঢাকার কথা বলছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২০ ০৩:৪২
মাস্ক পরে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো-বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার । পিটিআই

মাস্ক পরে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো-বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার । পিটিআই

সাদা রঙের গামছা। এক ধারে লালের ছোঁয়া। গামছার মতো লম্বা কাপড়ে মুখ ঢেকে নরেন্দ্র মোদী আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বসলেন।

আপনি আচরি ধর্ম!

দু’দিন আগে তাঁর লোকসভা কেন্দ্র বারাণসীর বিজেপি নেতাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, করোনা ঠেকাতে মাস্ক কিনে পয়সা খরচ করার দরকার নেই। উত্তরপ্রদেশের মানুষ যেমন গলায় ঝোলানো গামছা দিয়ে নাক-মুখ ঢাকতে অভ্যস্ত, তেমন গামছাই যথেষ্ট।

বিরোধীরা তখন কটাক্ষ করেছিলেন, মোদী সরকার যথেষ্ট মাস্কের ব্যবস্থা করতে পারছে না। সেই ব্যর্থতা ঢাকতে প্রধানমন্ত্রী গামছায় মুখ ঢাকার কথা বলছেন। কিন্তু তিনি যে নিছক কথার কথা বলেননি, তা প্রমাণ করতে আজ মোদী নিজেই গামছায় মুখ ঢেকে বৈঠকে বসেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে থেকে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, ভিডিয়ো কনফারেন্সে যোগ দিয়েছেন মাস্কে মুখ ঢেকে। কিন্তু মোদী গামছাতেই কাজ চালিয়ে নেন।

বৃহস্পতিবার মোদী বারাণসীতে বিজেপির জেলা সভাপতি, মহানগর সভাপতি ও বিধায়কদের সঙ্গে আলাদা ভাবে ফোনে কথা বলেছিলেন। জেলা সভাপতি হংসরাজ বিশ্বকর্মাকে তখনই তিনি বলেন, মাস্কের জন্য আলাদা খরচের দরকার নেই। মাস্ক ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের দরকার। উত্তরপ্রদেশের সবাই কাঁধে গামছা রাখেন। রাস্তায় বেরোতে হলে গামছা দিয়ে মুখ বেঁধে নিলেই চলবে। প্রধানমন্ত্রীর পরামর্শ শোনার পরে শুক্রবার বারাণসীতে বিজেপি কর্মীরা আমজনতার মধ্যে গেরুয়া রঙের গামছা বিলি করেন।

Coronavirus Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy