সরকারি আধিকারিককে প্ররোচনা দেওয়ার অভিযোগে অবশেষে গ্রেফতার করা হল পঞ্জাবের সদ্যপ্রাক্তন মন্ত্রী লালজিৎ সিংহ ভুল্লারকে। সংবাদসংস্থা পিটিআই এবং পঞ্জাবের স্থানীয় সংবাদমাধ্যমগুলি বেশ কয়েকটি সূত্রকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে।
পঞ্জাবের ওয়্যারহাউসিং কর্পোরেশনের অমৃতসরের জেলা অধিকর্তা গগনদীপ সিংহ রণধাওয়া শনিবার বিষ খেয়ে আত্মহত্যা করেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় রণধাওয়াকে বলতে শোনা যায় যে, ভুল্লার তাঁকে হেনস্থা করেছেন। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) তার পরেই পঞ্জাবের পরিবহণ এবং কারামন্ত্রী ভুল্লারের পদত্যাগ দাবি করে বিরোধী দলগুলি। শনিবার পঞ্জাবের আপ সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ভুল্লারকে পদত্যাগপত্র জমা দিতে বলেন। সেই মতো পদত্যাগ করেন ভুল্লার।
আরও পড়ুন:
শনিবারই ভুল্লার, তাঁর পিতা সুখদেব সিংহ ভুল্লার এবং আপ্তসহায়ক দিলবাগ সিংহের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছিল পঞ্জাব পুলিশ। তবে তাঁকে গ্রেফতার করা হয়নি। কিন্তু রবিবার রণধাওয়ার পরিবার জানিয়ে দেয় যে, ভুল্লার গ্রেফতার না হলে তারা দেহের ময়নাতদন্ত করতে দেবে না। গ্রেফতারির জন্য পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমাও বেঁধে দেওয়া হয়। রণধাওয়ার স্ত্রী উপিন্দর কৌর বলেন, “২৪ ঘণ্টায় যদি কিছু (গ্রেফতার) না হয়, তা হলে আমি আমার শিশুসন্তানদের নিয়ে রাস্তায় নামব।” ঘটনাচক্রে, এই হুঁশিয়ারির পর সোমবারই প্রাক্তন মন্ত্রী এবং আপ নেতা ভুল্লারকে গ্রেফতার করা হল। সমস্ত অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ওই নেতা।