Advertisement
E-Paper

দেশের ১০ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা! মহারাষ্ট্র ও ছত্তীসগঢ়ে ৪৩ ডিগ্রি, কোন কোন রাজ্যে চড়ছে তাপমাত্রার পারদ

আবহবিদেরা জানিয়েছেন, মার্চ, এপ্রিল এবং মে মাসে গোটা দেশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। বিশেষ করে হিমালয় অঞ্চলের রাজ্য, উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের পাহাড়ি অঞ্চলে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৩:৫৬
প্রবল গরমে হাঁসফাঁস করছে উত্তরপ্রদেশ। ছবি: পিটিআই।

প্রবল গরমে হাঁসফাঁস করছে উত্তরপ্রদেশ। ছবি: পিটিআই।

মহারাষ্ট্র এবং ছত্তীসগঢ়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন। ওই দুই রাজ্যে তাপমাত্রা কোথাও কোথাও ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। মৌসম ভবন জানিয়েছে, পশ্চিম মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বিদর্ভ এবং ছত্তীসগঢ়ের কিছু জায়গায় আগামী ২৩ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে।

মৌসম ভবন আরও জানিয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান এবং পূর্ব মধ্যপ্রদেশে ২০ এবং ২১ এপ্রিল তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। এ ছাড়াও ঝাড়খণ্ডে ২২ এপ্রিল পর্যন্ত, পশ্চিম উত্তরপ্রদেশে ২৩ পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই দুই রাজ্যে সতর্কতাও জারি করেছে মৌসম ভবন। ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং ওড়িশাতেও আগামী দিনে তাপমাত্রার পারদ আরও চড়বে। সেই সঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনাও জোরালো হবে।

মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলায় তাপমাত্রা সবচেয়ে বেশি। সেখানে ৪৩ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে তাপমাত্রার পারদ। শহরের মূল রাস্তাগুলিতে সিগন্যাল যাতে বন্ধ রাখা হয়, তার জন্য সেখানকার বাসিন্দারা আবেদন জানিয়েছেন ট্রাফিক পুলিশের কাছে। প্রচণ্ড গরমে সিগন্যালে অপেক্ষা করার সময় অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এই কারণগুলি দর্শিয়ে ট্রাফিক এবং স্থানীয় প্রশাসনের কাছে আর্জি জানান শহরবাসীরা। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সিগন্যাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। অন্য দিকে, দিল্লিতেও তাপমাত্রা ৪০ ছাড়িয়ে গিয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

আবহবিদেরা জানিয়েছেন, মার্চ, এপ্রিল এবং মে মাসে গোটা দেশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। বিশেষ করে হিমালয় অঞ্চলের রাজ্য, উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের পাহাড়ি অঞ্চলে।

Weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy