আট বছরের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে পাড়ার এক সেলুনমালিকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপ্রদেশের লখিমপুর খেরীর। অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জোরালো হতে শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বুধবার অভিযুক্তের বাড়িতে বুলডোজ়ার নিয়ে পৌঁছোয় প্রশাসন। তাঁর বাড়ি এবং দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয় প্রশাসনের অভিযোগ, অভিযুক্ত যুবকের বাড়ি এবং দোকান বেআইনি ভাবে তৈরি করা হয়েছিল। জমি জবরদখল করে ওই বাড়ি এবং দোকান নির্মাণ করা হয়। প্রশাসনের যুক্তি, সে কারণেই এই বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে।
পুরসভার এক কর্তা বিজয়বাহাদুর যাদব বলেন, ‘‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পরই ওই সেলুনমালিকের দোকান এবং বাড়ি ভাঙা হয়। বেআইনি ভাবে ওই বাড়ি এবং দোকান নির্মাণ করা হয়েছিল। যাঁর বাড়ি ভাঙা হচ্ছে, তাঁর বিরুদ্ধে এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগও রয়েছে।’’ যাদব আরও জানিয়েছেন, গত কয়েক দিন ধরে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল। এলাকাবাসীর ক্ষোভ বাড়ছিল। পরিস্থিতি যাতে বিগড়ে না যায়, তাই এলাকায় টহল দিচ্ছে পুলিশবাহিনী।
প্রসঙ্গত, অপরাধের মামলায় অভিযুক্তদের বাড়ি বুলডোজ়ারের মাধ্যমে ভেঙে ফেলার সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। ২০২৪ সালে বুলডোজ়ার নীতি নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের উদ্দেশে শীর্ষ আদালতের প্রশ্ন ছিল, কোনও ব্যক্তি অপরাধের মামলায় অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হলেও তাঁর বাড়ি বুলডোজ়ার দিয়ে ভেঙে ফেলা হবে কেন? বাড়ি ভাঙার ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম থাকা উচিত বলেও জানায় আদালত।