E-Paper

ইদে বন্ধই রইল জামিয়া মসজিদ, ক্ষোভ ওমরের

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের হত্যা ও পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রেক্ষিতে বিক্ষোভ দেখেছে কাশ্মীর। কিন্তু এ দিন গোটা উপত্যকায় শান্তিতেই পালিত হয়েছে ইদ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ০৮:৩২
ওমর আবদুল্লা।

ওমর আবদুল্লা। — ফাইল চিত্র।

ইদ উল ফিতরে এ বারও শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদ বন্ধই রাখল জম্মু-কাশ্মীর প্রশাসন। এ নিয়ে পরপর সাত বছর ওই মসজিদে ইদ উল ফিতরে নমাজ় পড়ার সুযোগ হারালেন উপত্যকাবাসী। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের হত্যা ও পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রেক্ষিতে বিক্ষোভ দেখেছে কাশ্মীর। কিন্তু এ দিন গোটা উপত্যকায় শান্তিতেই পালিত হয়েছে ইদ। হজরতবাল-সহ অন্য ধর্মস্থানে নমাজ়ের জন্য জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। কিন্তু জামিয়া মসজিদে নিষেধাজ্ঞা শ্রীনগরের পুরনো শহরে উৎসবের মেজাজের উপরে ছায়া ফেলেছে। মসজিদের প্রধান ধর্মগুরু মিরওয়াইজ় উমর ফারুকের দাবি, তাঁকে গৃহবন্দি করা হয়েছে।

জামিয়া মসজিদে নমাজ়ের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছিল ওই মসজিদের পরিচালক সংস্থা আঞ্জুমান আওকাফ জামা মসজিদ। কিন্তু মসজিদের ফটক বন্ধই রেখেছিল প্রশাসন। মিরওয়াইজ়ের কথায়, ‘‘উৎসবের দিন দুঃখের দিনে পরিণত হল।’’

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার প্রশ্ন, কেন্দ্র বারবার দাবি করছে কাশ্মীর এখন শান্ত। তাহলে জামিয়া মসজিদে নমাজ় পড়তে দেওয়া হল না কেন?

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

jammu kashmir eid

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy