Advertisement
E-Paper

নীতীশ মুখ্যমন্ত্রিত্ব ছাড়তেই পুত্র নিশান্ত বিহারের মন্ত্রী হলেন, বিজেপি-জেডিইউ মন্ত্রিসভায় শপথ আরও ৩১ জনের

স্কুলের গণ্ডি পেরিয়ে রাঁচীর বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পরে বহুজাতিক সংস্থায় চাকরিও করেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ০১:০৪
নীতীশ কুমারের সঙ্গে পুত্র নিশান্ত কুমার।

নীতীশ কুমারের সঙ্গে পুত্র নিশান্ত কুমার। ছবি: পিটিআই।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমার বৃহস্পতিবার সে রাজ্যের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তাঁর সঙ্গে আরও ৩১ জন মন্ত্রী বিজেপি-জেডিইউ জোটের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরির মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি।

মন্ত্রগুপ্তির শপথের পরে নিশান্ত বলেন, “আমি আমার বাবার নির্দেশ মেনে মাননীয় মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরির নেতৃত্বে কাজ করব। জেডিইউ-র শীর্ষ নেতারা আমার উপর যে আস্থা রেখেছেন, আমি তার মর্যাদা রাখার চেষ্টা করব। আমি পূর্ণ সততার সঙ্গে কাজ করার চেষ্টা করব এবং আমার বাবা বিহারকে উন্নয়নের যে পথ দেখিয়েছেন, সেই পথ ধরেই এগিয়ে যাব।”

গত ৮ মার্চ আনুষ্ঠানিক ভাবে নিশান্ত তাঁর বাবা নীতীশের রাজনৈতিক দল জেডিইউ-তে নাম লিখিয়েছিলেন। রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পরে গত ১৫ এপ্রিল নীতীশ বিহারের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন। তার পর থেকেই জল্পনা ছিল পুত্র নিশান্তকে দলের তরফে মন্ত্রী করতে পারেন তিনি। প্রসঙ্গত, পটনা কেন্দ্রীয় বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন নিশান্ত। স্কুলের গণ্ডি পেরিয়ে রাঁচীর বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পরে বহুজাতিক সংস্থায় চাকরিও করেছেন তিনি। তবে মার্চ মাসের আগে কখনওই সক্রিয় রাজনীতিতে যোগদানের ব্যাপারে তাঁর কোনও উৎসাহ দেখা যায়নি।

২৪৩ সদস্যের বিহার বিধানসভায় ৮৯ জন বিধায়ক নিয়ে একক বৃহত্তম দলের মর্যাদা পাওয়া বিজেপির ১৫ জন মন্ত্রী বৃহস্পতিবার শপথ নেন। নীতীশ-পুত্র নিশান্ত-সহ জেডিইউ-র মোট ১৫ জন মন্ত্রী রয়েছেন সম্রাট মন্ত্রিসভায়। তাঁদের মধ্যে ১৩ জন বৃহস্পতিবার গান্ধী ময়দানে শপথ নেন। বিজয়কুমার চৌধুরী এবং বিজেন্দ্র প্রসাদ যাদব গত ১৫ এপ্রিল মাসেই সম্রাটের সঙ্গে শপথ নিয়ে উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এ ছাড়া বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর সঞ্জয় কুমার সিংহ এবং সঞ্জয় কুমার পাসোয়ান ফের মন্ত্রী হয়েছেন। আর এক কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঁঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হাম)-র সন্তোষকুমার সুমন এবং রাষ্ট্রীয় লোক মোর্চার প্রধান উপেন্দ্র কুশওয়াহার ছেলে দীপক প্রকাশও আবার মন্ত্রী হয়েছেন।

Bihar Nitish Kumar Nishant Kumar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy