E-Paper

রাহুলের ‘সিজেপি’ তির নিয়ে ক্ষোভ

রাহুলের এই আক্রমণ নিয়ে সোমবার সংসদে বিরোধী দলগুলির বৈঠকে ঘোর আপত্তি তুলেছেন সিপিএম ও সিপিআই সাংসদরা।

প্রেমাংশু চৌধুরী

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ০৯:৫৫
রাহুল গান্ধী।

রাহুল গান্ধী। ফাইল চিত্র।

এমনিতেই পশ্চিমবঙ্গে কংগ্রেস এ বার বামেদের সঙ্গে আসন সমঝোতা নাকচ করে একলা চলো-র সিদ্ধান্ত নিয়েছে। তার উপরে কেরলে কংগ্রেসের হয়ে প্রচারে গিয়ে রাহুল গান্ধী শনিবার সিপিএম ও বিজেপির মধ্যে আঁতাঁতের অভিযোগ তুলেছেন। কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে সিবিআই-ইডি কেন পদক্ষেপ করে না, তা নিয়ে প্রশ্ন তুলে রাহুল বলেছিলেন, সিপিএম ও বিজেপি আলাদা নয়। দুই দলের গোপন আঁতাঁতে এখন ‘সিজেপি’ বা ‘কমিউনিস্ট জনতা পার্টি’ তৈরি হয়েছে।

রাহুলের এই আক্রমণ নিয়ে সোমবার সংসদে বিরোধী দলগুলির বৈঠকে ঘোর আপত্তি তুলেছেন সিপিএম ও সিপিআই সাংসদরা। তাঁদের দাবি, জাতীয় স্তরে কংগ্রেস-সিপিএম-সিপিআই-সহ সমস্ত বিরোধী দল এককাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া শিবির তৈরি করেছে। কেরলের ভোটে কংগ্রেস ও বামেরা একে অপরের বিরুদ্ধে লড়ছে ঠিকই। কিন্তু তাই বলে রাহুল গান্ধী যদি কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাঁতের অভিযোগ তোলেন, তা হলে ইন্ডিয়া শিবিরের মূল ভিতটাই নড়ে যায়। যদিও একই ছবি অন্য ভাবে দেখা যায় বাংলার ক্ষেত্রেও। তৃণমূল ইন্ডিয়া শিবিরের সদস্য। অথচ তার সঙ্গে বিজেপির আঁতাঁতের অভিযোগ হামেশাই তুলে থাকেন বামেরা। কংগ্রেস সূত্রের প্রশ্ন, তার বেলা তো এই নালিশ ওঠে না! রাজ্যওয়াড়ি সমীকরণ আর জাতীয় সমীকরণে কিছু ফারাক থাকেই।

সোমবার থেকে সংসদের বাজেট অধিবেশনে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। তার আগে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গের দফতরে বিরোধী শিবিরের নেতানেত্রীদের বৈঠক বসেছিল। সূত্রের খবর, বৈঠকে প্রথমে সিপিআই সাংসদ পি সন্তোষ কুমার, তার পরে সিপিএমের জন ব্রিটাস রাহুলের আক্রমণ নিয়েআপত্তি তোলেন।

সিপিএমের সঙ্গে বিজেপির আঁতাঁতের অভিযোগ ছাড়াও কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দিকে রাহুল গান্ধীর আঙুল তোলা নিয়ে বাম সাংসদরা নালিশ জানান। রাহুল শনিবার তিরুবনন্তপুরমে অভিযোগ তুলেছিলেন, ইডি-সিবিআই বিরোধী শিবিরের বিরুদ্ধে সক্রিয় হলেও, পিনারাই বা তাঁর পরিবারের বিরুদ্ধে মামলায় কোনও পদক্ষেপ করে না। ডোনাল্ড ট্রাম্প যে ভাবে নরেন্দ্র মোদীকে নিয়ন্ত্রণ করেন, ঠিক সেই ভাবেই মোদী পিনারাইকে নিয়ন্ত্রণ করেন। কমিউনিস্ট পার্টি এখন ‘কর্পোরেটিস্ট পার্টি’ হয়ে গিয়েছে বলেও রাহুল মন্তব্য করেছিলেন।

সূত্রের খবর, সিপিএম-সিপিআই সাংসদরা এ নিয়ে আপত্তি তুললেও রাহুল মুচকি মুচকি হাসছিলেন। কেরলের কংগ্রেস সাংসদ এবং বামেদের সরিয়ে কংগ্রেস ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার কে সি বেণুগোপাল বাম সাংসদদের পাল্টা চ্যালেঞ্জ করেন। মল্লিকার্জুন খড়্গে বলেন, সংসদীয় রণকৌশল নিয়ে বিরোধীদের বৈঠক এই বিষয়ে আলোচনা করার জায়গা সঠিকজায়গা নয়।

তৃণমূলের হয়ে শতাব্দী রায়, শিবসেনা (উদ্ধব)-এর প্রিয়ঙ্কা চতুর্বেদী বলেন, কংগ্রেস ও বামেরা এ নিয়ে আলাদা ভাবে কথা বলতে পারে। শেষে রাহুল নিজেই ব্রিটাস, সন্তোষকে আশ্বাস দেন, তিনি তাঁদের সঙ্গে আলাদা করে কথা বলবেন। বেণুগোপাল বলেন, ‘‘বাম সাংসদরা কিছু বিষয়ে আপত্তি তুলেছিলেন। তবে বাকি বিরোধীরা এরবিরোধিতা করেছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Kerala CPIM Congress

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy