আবার এক বেআইনি অস্ত্র কারখানার হদিস পেল কলকাতা পুলিশ। বিহারের পূর্ণিয়া জেলায় হানা দিয়ে এমন কারখানার খোঁজ মিলেছে। কলকতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ), বিহার পুলিশের এসটিএফ এবং দামদাহা পুলিশ যৌথ অভিযান চালিয়েছিল।
গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, দামদাহা থানা এলাকার একটি বাড়িতে পুলিশ হানা দেয়। বাড়ির মালিক মিঠু কুমার এবং গব্বর রাই নামে দুই ভাই। ওই বাড়ির নীচের তলায় কাগজের থালা তৈরির কারখানা। তবে ওই কারখানার আড়ালেই চলত বেআইনি অস্ত্র কারবার।
পুলিশ জানিয়েছে, ওই কারখানায় একটি ভূগর্ভস্থ ঘর রয়েছে। আর সেখানেই অবৈধ ভাবে বন্দুক তৈরি হত। তদন্তকারীদের মতে, বন্দুক তৈরির সময় যে আওয়াজ হত, তা আড়াল করতে কাগজের থালা উৎপাদন হত কারখানায়। অভিযান চালিয়ে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি পিস্তলের খোল, চারটি পিস্তলের বাট। এ ছাড়াও, একটি লেদ মেশিন, ড্রিলিং মেশিন, একটি গ্রাইন্ডার এবং পলিশিং মেশিন।
আরও পড়ুন:
এই ঘটনায় মোট চার জনকে আটক করা হয়েছে। মিঠু এবং গব্বর ছাড়াও ওই এলাকা থেকে আনোয়ার খান এবং আফতাব আলম নামে দু’জনকে ধরেছে পুলিশ। এ ছাড়াও, কারখানা চালানোর মূল মাথা সূরজ কুমারকে মুঙ্গের থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।