দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
রবিবার সন্ধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা। নতুন দলে যোগ দিচ্ছেন তাঁরা। নতুন দলের নাম ‘ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই)। নতুন দলে তাঁরা কবে যোগ দেবেন, বিজেপির নেতৃত্বাধীন শাসকজোট এনডিএ-কে সমর্থনের ক্ষেত্রেই বা তাঁদের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে দিকে নজর থাকবে আজ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠনের পর সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে নতুন উদ্যোগ হিসাবে শুরু হতে চলেছে ‘জন কল্যাণ শিবির’ কর্মসূচি। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় এই শিবিরের আয়োজন করা হবে। সরকারি প্রকল্পের সুবিধা, সচেতনতা বৃদ্ধি এবং আবেদন গ্রহণের কাজ এক ছাতার তলায় সম্পন্ন করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। শিবিরে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনার মতো প্রকল্পে আবেদন করা যাবে। পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সিএএ, জমি সংক্রান্ত নানা বিষয় এবং জব কার্ডের আবেদনও করা যাবে।
নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে হাজির দেওয়ার কথা তাঁর। বিধানসভায় সই জাল কাণ্ডে রবিবার ভবানী ভবনে হাজিরা দেন অভিষেক। প্রায় সাড়ে আট ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
সপ্তাহের প্রথম দিনেই কলকাতা পুরসভায় যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে সোমবার কলকাতা পুরসভায় ‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচির সূচনা করবেন তিনি। আগামী পাঁচ দিন শহর জুড়ে এই কর্মসূচি পালন করবে পুরসভা। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পুরভবনে যাবেন শুভেন্দু অধিকারী।
বিশ্বকাপ ফুটবলে আজ নামছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। গত বারের ইউরো কাপও জিতেছে তারা। ফর্মে থাকা লামিন ইয়ামাল, ফেরান তোরেসদের সামনে প্রথম বার বিশ্বকাপে খেলতে নামা কেপ ভার্দে। ‘দুধের শিশু’রা কি পারবে স্পেনের মোকাবিলা করতে? খেলা শুরু রাত ৯.৩০ মিনিট থেকে। তার পর রাত ১২.৩০ মিনিটে বেলজিয়ামের বিরুদ্ধে খেলতে নামবে মিশর। কাল ভোর ৩.৩০ মিনিটে খেলতে নামবে সৌদি আরব ও উরুগুয়ে। তার পর ভোর ৬.৩০ মিনিটে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ইরান। সব খেলা সরাসরি দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জি৫ অ্যাপে।
পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। এখন তিনি ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে আগেই হাই কোর্টে গিয়েছিলেন সুজিত। সেই মামলায় সুরাহা না পেয়ে জামিনের আবেদন করেছেন। আজ ওই মামলাটি দুপুর ২টো নাগাদ বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে শুনানির রয়েছে। সেখানে কী হয় নজর থাকবে।
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলছে। আগামী সপ্তাহেও দুর্যোগ থামবে না। কয়েক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টির জন্য রয়েছে সতর্কতাও।
ফ্রান্স এবং স্লোভাকিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় ফ্রান্স থেকেই তিনি যাবেন স্লোভাকিয়ায়। তার পর ফের ফ্রান্সে ফিরে আসবেন। সোমবার থেকে ফ্রান্সে জি৭ বৈঠক শুরু হচ্ছে। চলবে বুধবার পর্যন্ত। শক্তিধর দেশগুলিকে নিয়ে তৈরি হওয়া এই জোটের সদস্য ভারত না-হলেও জি৭-এর বার্ষিক সম্মেলনে বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে মোদীকে। জি৭ সম্মেলন চলার সময়েই পার্শ্ববৈঠকে মুখোমুখি বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর।