E-Paper

সাংসদদের বৈঠকে উদ্ধব,ফের ভাঙবে কি তাঁর সেনা

বিরোধী শিবির মনে করছে, লোকসভা ও রাজ্যসভায় মোদী সরকার এখন দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন জোগাড় করতে মরিয়া।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ০৯:২৭
উদ্ধব ঠাকরে। —ফাইল চিত্র।

উদ্ধব ঠাকরে। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে ‘অপারেশন লোটাস’-এর পরে এ বার মহারাষ্ট্রে ‘অপারেশন টাইগার’!

তৃণমূল কংগ্রেসের পরে এ বার শিবসেনা (উদ্ধব ঠাকরে)-তে বিজেপি ভাঙন ধরাতে পারে বলে আশঙ্কার মধ্যে রবিবার উদ্ধব ঠাকরে তাঁর দলের লোকসভার সাংসদদের সঙ্গে বৈঠক করলেন। যদিও সেই বৈঠকে দলের ৯ জন লোকসভার সাংসদের মধ্যে মাত্র চার জন হাজির হলেন। ঠাকরে পরিবারের বাসভবন, মুম্বইয়ের ‘মাতোশ্রী’-তে এই বৈঠকের পরে শিবসেনা (উদ্ধব ঠাকরে)-র নেতা সঞ্জয় রাউত অবশ্য দাবি করেছেন, বৈঠকে সশরীরে না এলেও অন্য চার জন সাংসদ ভিডিয়ো কনফারেন্সে যোগ দিয়েছিলেন। আর এক জনের সঙ্গে উদ্ধব ঠাকরে ফোনে কথা বলেছেন।

বিরোধী শিবির মনে করছে, লোকসভা ও রাজ্যসভায় মোদী সরকার এখন দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন জোগাড় করতে মরিয়া। সেই জন্যই তৃণমূলের পরে এ বার শিবসেনা (উদ্ধব ঠাকরে)-তে ভাঙন ধরানোর চেষ্টা শুরু হয়েছে। এর পরে এনসিপি (শরদ পওয়ার)-এও ভাঙন ধরানোর চেষ্টা হতে পারে। কারণ, গত এপ্রিলে মোদী সরকার মহিলাদের সংরক্ষণের নামে লোকসভার আসন পুনর্বিন্যাস বিল পাশ করানোর চেষ্টা করেছিল। কিন্তু এনডিএ-র পক্ষে দুই-তৃতীয়াংশের সমর্থন না থাকায় তা পাশ হয়নি।

কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একের পর এক আঞ্চলিক দল ভাঙানোর কর্মসূচি নিয়েছেন। কারণ, শুধু তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদের সমর্থন নিয়েও লোকসভায় দুই-তৃতীয়াংশ সাংসদ জোগাড় হচ্ছে না। সংবিধান সংশোধনী বিল পাশ করাতে হলে লোকসভার ৫৪৩ জন সাংসদের মধ্যে দুই-তৃতীয়াংশের সমর্থন পেতে হবে। অর্থাৎ ৩৬২ জনের ভোটের দরকার। তৃণমূলের ২০ জনের সমর্থন পেলে এনডিএ-র পক্ষে সাংসদ সংখ্যা ২৯৪ থেকে বেড়ে ৩১৪ হবে। এর সঙ্গে যদি কংগ্রেসের সঙ্গে দূরত্বের কারণে ডিএমকে-র ২২ জন সরকারের পক্ষে ভোট দেবেন বলে ধরা যায়, তা হলেও এনডিএ-র পক্ষে ভোট ৩৩৬-এ আটকে যাবে। তাই বিজেপি এ বার উদ্ধব ঠাকরে, শরদ পওয়ারের দলে ভাঙন ধরানোর চেষ্টা করছে।

তৃণমূলের বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ বা বৈঠকের ক্ষেত্রে বিজেপির শুভেন্দু অধিকারী, ভূপেন্দ্র যাদব, নিশিকান্ত দুবেদের সরাসরি অংশ নিতে দেখা গিয়েছে। শিবসেনাতে আগেই ভাঙন ধরেছিল। একনাথ শিন্দেই দল ভেঙে শিবসেনার নাম-প্রতীক নিয়ে নেওয়ায় উদ্ধব ঠাকরেকে ‘শিবসেনা (উদ্ধব ঠাকরে)’ নাম নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। উদ্ধবের দলে আরও ভাঙনের জন্য শিন্দেকেই কাজে লাগানো হচ্ছে বলে বিরোধী শিবিরের দাবি। উল্টো দিকে শিন্দে শিবিরের দাবি, উদ্ধব ঠাকরের দলের অন্তত সাত জন লোকসভার সাংসদ দল বদল করতে আগ্রহ দেখিয়েছেন। দলত্যাগ-বিরোধী আইনে যাতে তাঁরা না পড়েন, তার জন্য ৯ জনের মধ্যে ৬ জনকে একসঙ্গে বেরিয়ে আসতে হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Shibsena

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy