টি শার্টের একটি ছোট্ট লোগো। আর সেই লোগোই ধরিয়ে দিল মুম্বই লোকাল ট্রেনে সহযাত্রীকে খুনে অভিযুক্ত যুবক রোশন সুবর্ণকে। পুলিশ সূত্রে খবর, ৪০০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছিল। ট্রেনে হামলার পর অভিযুক্ত যুবক বোরিভালি স্টেশনে নেমে যান। তার পর নিজের রাজ্য কর্নাটকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ১৫ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বৃষ্টিতে ট্রেনের দরজা বন্ধ নিয়ে দুই যাত্রীর মধ্যে বচসা শুরু হয়। তখনই ময়ঙ্ক লোহার নামে এক যাত্রীকে ছুরি দিয়ে ট্রেনের মধ্যে কোপানোর অভিযোগ ওঠে রোশনের বিরুদ্ধে। চার্চগেট-নালাসোপারা লোকালের ঘটনা। পুলিশ জানিয়েছে, সহযাত্রীকে কোপানোর পর স্টেশনে নেমে ভিড়ের মধ্যে মিশে গিয়েছিলেন অভিযুক্ত। ফলে তাঁকে চিহ্নিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু চার্চগেট থেকে নালাসোপারা পর্যন্ত সব স্টেশন এবং তার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এক জায়গায় গিয়ে চোখ আটকে যায় তদন্তকারীদের। হামলাকারীর টি শার্টে থাকা লোগো। সেই লোগো একটি পণ্যব্যবস্থাপক সংস্থার।
আরও পড়ুন:
-
কোটি কোটি টাকা উদ্ধার হায়দরাবাদের সরকারি কর্তার বাড়ি থেকে! বেনামে বহু জমি, ফ্ল্যাট, ধরা পড়েন ৩০ লক্ষ ঘুষ নিয়ে
-
ফাঁকা জায়গায় দাঁড় করানো গাড়ি, ভিতরে তরুণী ও যুবকের গুলিবিদ্ধ দেহ! ৫০ ফুট দূরে পড়ে ৩টি ফোন, রহস্যমৃত্যু মধ্যপ্রদেশে
-
বিয়েতে রাজি ছিলেন না সিয়া! জানান কেতনকেও, বাগ্দানপর্ব বাতিল করতে না চাওয়ায় খুনের ছক? তদন্তে আর কী উঠে এল
পুলিশ সেই লোগোর সূত্র ধরে ওই সংস্থায় হাজির হয়। সেখানকার কর্মীদের ওই সিসিটিভি ফুটেজ দেখানো হয়। তখন তাঁরা রোশনকে শনাক্ত করেন। তাঁদের কাছ থেকে রোশনের বাড়ির ঠিকানা, কাজের তথ্য, ফোন নম্বর সংগ্রহ করেন। তার পর তাঁর ফোন ট্র্যাক করা শুরু হয়। সেই সূত্র ধরে তদন্তকারীরা জানতে পারেন, বোরিভালি স্টেশনে নামেন অভিযুক্ত। তার পর মীরা রোডের বাড়িতে যান। স্নান করেন, পোশাক বদলান, তার পর ব্যাগ গুছিয়ে দ্রুত বেরিয়ে যান। মীরা রোড থেকে তিনি পানভেলে যান। সেখানে বাসের টিকিট কাটেন মঙ্গলুরুতে যাওয়ার জন্য। কিন্তু সেখানে পৌঁছে যায় রেলপুলিশ। পানভেল স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয় রোশনকে।